খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

খবর প্রতিবেদন |
১১:৪৫ পি.এম | ২৩ নভেম্বর ২০২৬


পাবনার ঈশ্বরদীতে অতর্কিত গুলিবর্ষণে বিএনপি’র অঙ্গসংগঠন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকার ইসলামপাড়ার রঙ্গিলা মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ছাত্রদল নেতা মোঃ রিশাদ (২৮), স্বেচ্ছাসেবক দলের কর্মী মিজান খান (২২), মোঃ রিফাত (২৬), মোঃ মহিদুল (২৫) ও রবিউল ইসলাম (২৮)।

স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া জানান, পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারও পায়ে, কারও হাতে, আবার কারও পিঠে গুলি লেগেছে। সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাঁড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্কাস আলী খান অভিযোগ করেন, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র নেতা-কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫-৬ জন কর্মী গুলিবিদ্ধ হন।

গুলিবর্ষণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে স্থানীয় লোকজন ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশাদুর রহমান বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাঁড়াঘাট এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে আগেও একাধিকবার গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। তারা সংঘর্ষ বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ