খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

অনলাইন জুয়ার টাকার জন্য নানিকে হত্যা, নাতি গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:৩৪ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় নিজ বাসায় হাত-পা বেঁধে গলা কেটে বৃদ্ধা লুৎফুন্নাহারকে (৬৫) হত্যার ঘটনায় তারই নাতি সিয়াম প্রধানিয়াকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর।
সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়, অনলাইনে জুয়া খেলে টাকা হারানোর পর সেই টাকা পরিশোধের জন্য পরিকল্পিতভাবে নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় সে। ঘটনার ৪২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে সে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
সিয়াম মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহত বৃদ্ধার তৃতীয় মেয়ে জান্নাত বেগমের বড় ছেলে। তাদের বাড়ি সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে। তার বাবার নাম হোসেন প্রধানিয়া।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। তিনি ওই মাসের ১ তারিখ থেকে ভবনটির একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। এ ঘটনায় নিহত বৃদ্ধার চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নিহত বৃদ্ধার নাতি সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত করে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর জানান, জিজ্ঞাসাবাদে সিয়াম জানায় সে অনলাইনে জুয়া খেলত। জুয়ায় টাকা হারানোর পর তা পরিশোধের জন্য একাই হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন নানির বাসায় ঢুকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে গলার স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে চলে যায়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সিয়ামের দেখানো মতে ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি এবং তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

প্রিন্ট

আরও সংবাদ