খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর মাথায় শিলের আঘাত, ৬ দিন পর মৃত্যু

খবর প্রতিবেদন |
০১:৩৫ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মমতা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের অভিযোগ, গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে পারিবারিক বিরোধের জেরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মামুনকে অচেতন করা হয়। এরপর তার স্ত্রী মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর থেকে পলাতক থাকা অভিযুক্ত স্ত্রী মমতা বেগমকে গত শুক্রবার (২০ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, অভিযুক্ত নারীকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। মামুনের মৃত্যুর পর মামলাটির আইনগত প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ