খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

টোলের টাকা নিয়ে বাগ্বিতন্ডা ও ধাক্কাধাক্কি, জুলাই যোদ্ধা নিহত

খবর প্রতিবেদন |
০১:৩৫ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে একটি চোখ হারিয়েছিলেন আবদুল বারেক। সোমবার দুপুরে নেত্রকোনার মদনে ইজারার টাকা আদায়কে কেন্দ্র করে বাগ্বিতন্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় নিহত হন তিনি। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া মোড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারেক চানগাঁও গ্রামের চকপাড়ার বাসিন্দা। ২০২৪ সালের জুলাই আন্দোলনে মদন পৌরসভা এলাকায় পুলিশের গুলিতে তিনি একটি চোখ হারান। আটক তরুণ আতিকুল ইসলাম পৌরসভার বাড়িভাদেরা এলাকার আবদুর রশিদের ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌরসভার যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নিয়েছেন রায়হান আহমেদ নামের এক ব্যক্তি। ইজারার টাকা আদায়ের জন্য নিয়োজিণ লোকজন পৌরসভার সীমানার বাইরে থেকেও টোল আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। রোববার চোখের চিকিৎসার জন্য ময়মনসিংহে গিয়েছিলেন আবদুল বারেক। চিকিৎসা শেষে আজ দুপুর ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। পথে চানগাঁও ইউনিয়নের চকপাড়া মোড়লবাড়ির সামনে টোল আদায়কারী আতিকুল অটোরিকশাটির চালকের কাছে ২০ টাকা টোল দাবি করেন। চালকের কাছে খুচরা টাকা না থাকায় আবদুল বারেক এক হাজার টাকার একটি নোট দেন। টাকা নেওয়ার পর আতিকুল তাঁকে বাকি টাকা ফেরত দেননি। এ নিয়ে আবদুল বারেক টাকা ফেরত চাইলে দু’জনের মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে আতিকুল তাঁকে ঘুষি ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে স্থানীয় লোকজন আবদুল বারেককে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশি হেফাজতে থাকায় ঘটনার বিষয়ে আতিকুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ইজারাদার রায়হান আহমেদের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম বলেন, টোল আদায়কে কেন্দ্র করে তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনায় জুলাই যোদ্ধা আবদুল বারেক অসুস্থ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আতিকুল ইসলামকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ