খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ আ’লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ

বিএল কলেজের দুই শিক্ষককে ওএসডি, মাউশিতে পদায়ন

নিজস্ব প্রতিবেদক |
০২:১২ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি), ঢাকায় পদায়ন করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
ওএসডি হওয়া দুই শিক্ষক হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ শামীম (পরিচিতি নম্বর ১২৯৮২) ও সহযোগী অধ্যাপক মোঃ হারুন-অর-রশীদ (পরিচিতি নম্বর ১৬০৩৫)। তাঁদের মধ্যে ড. মোঃ শামীমের বাড়ি গোপালগঞ্জে। দু’জনই মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষা ক্যাডারে চাকরি পেয়েছিলেন বলে জানা গেছে।
ক্যাম্পাস ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রজ্ঞাপনে তাঁদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় ওএসডি হিসেবে পদায়নের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ২৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
এদিকে, দুই শিক্ষককে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রিন্ট

আরও সংবাদ