খুলনা | মঙ্গলবার | ২৪ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

ইজিবাইক চুরির ঘটনায় চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০২:১৬ এ.এম | ২৪ নভেম্বর ২০২৬


ইজিবাইক চুরির ঘটনায় পুলিশের চাকরিচ্যুত এএসআই মিরানকে গ্রেফতার করেছে নগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা। রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর টুটপাড়া এলাকার মওলার বাড়ির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোর্ট পূর্বপাড়া এলাকার আহমেদ শেখের ছেলে।
পুলিশের একটি সূত্র জানায়, গত ২২ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে ইজিবাইকচালক সোহরাব খান দৌলতপুর থানার মিনাক্ষী হল-সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় চাকরিচ্যুত এএসআই মোঃ মিরান শেখ তাকে খুলনা পুলিশ লাইনের সামনে যাওয়ার কথা বলে। তাকে নিয়ে ওই এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা আরও দু’জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খুলনায় যাওয়ার কথা বলে ইজিবাইকে ওঠে। খালিশপুর থানার বকুলতলা মোড়-সংলগ্ন ইসলামী ফাউন্ডেশনের সামনে পৌঁছালে মিরানের কাছে ফোন আসে, তার মা মারা গেছে। এ সময় তিনি ইজিবাইক থামাতে বললে চালক গাড়ি থামিয়ে দেয়। চালক পানি খাওয়ার জন্য বিপরীত দিকে গেলে মিরান ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে চালক ডিবি অফিসে একটি মৌখিক অভিযোগ করেন।
মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, চাকরিচ্যুত এএসআই মিরান প্রতারক প্রকৃতির। বাটপার ও বদ আচরণের কারণে তিনি চাকরিচ্যুত হন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হানিট্র্যাপের মতো অভিযোগ রয়েছে। ইজিবাইক চুরির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ