খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

মৃত্যুর আগে তিনবার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস

খবর প্রতিবেদন |
০৫:৫৫ পি.এম | ২৪ নভেম্বর ২০২৬


নিজের জীবদ্দশায় তিনবার শয়তানকে দেখেছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। মৃত্যুর আগে ব্যক্তিগত ডায়েরিতে সেই অভিজ্ঞতার কথা লিখে গেছেন তিনি। এমনকি এক রাতে ‘নরকের দরজা’ দেখার কথাও উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ে তার ডায়েরির এসব তথ্য উঠে এসেছে। এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বইটি লিখেছেন আর্জেন্টিনার কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ। এতে ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরির বিভিন্ন অংশ স্থান পেয়েছে। এসব লেখায় তার উদ্বেগ, অনুশোচনা, আত্মসমালোচনা, মানবিক অনুভূতি ও ধর্মীয় বিশ্বাসের নানা দিক উঠে এসেছে।

ভ্যাটিকানের ধর্মতত্ত্ববিষয়ক ডিকাস্টেরির প্রধান ফার্নান্দেজ বলেন, নিজের কালো রঙের ব্যক্তিগত ডায়েরিতে লেখা ভাবনাগুলো বিশ্বের সামনে তুলে ধরতে তাকে অনুরোধ করেছিলেন ফ্রান্সিস।

গত বছর ফ্রান্সিসের মৃত্যুর পর তার উত্তরসূরি পোপ লিও চতুর্দশের কাছে বইটি প্রকাশের বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন ফার্নান্দেজ। তার আশঙ্কা ছিল, বইটি হয়তো কোনো গুদামে পড়ে থাকবে। পরে এর কিছু অংশ প্রকাশের অনুমতি দেওয়া হয়। বলা হয়, ফ্রান্সিসের আধ্যাত্মিক ভাবনাগুলো মানুষের উপকারে আসতে পারে।

বইটির সবচেয়ে আলোচিত অংশে ফ্রান্সিস লিখেছেন, বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে তিনি তিনবার শয়তানকে দেখেছিলেন। এর মধ্যে একবার বাড়ি ফেরার পথে গাড়িতে, একবার প্রার্থনাসভার সময় একটি গায়কদলের মধ্যে এবং তৃতীয়বার চিলি সফরের পর রোমে।

এএফপির দেখা বইটির ফরাসি সংস্করণের অগ্রিম কপি অনুযায়ী, ২০২১ সালের ২৪ জানুয়ারির ডায়েরিতে ফ্রান্সিস লিখেছিলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম, শয়তান নির্লজ্জভাবে ঘুরে বেড়াচ্ছিল, ধূর্ততার সঙ্গে ঘুরপাক খাচ্ছিল।’

তিনটি ঘটনার কথা উল্লেখ করে তিনি লিখেছিলেন, ‘আমি নিশ্চিত, ওই তিন ঘটনায় সে সশরীরে উপস্থিত হয়েছিল।’

প্রথম ঘটনা সম্পর্কে ফ্রান্সিস লেখেন, ‘প্রায় ১৫ বছর আগের কথা। গাড়ির জানালা দিয়ে তাকে দেখেছিলাম। তার সেই ভয়ংকর অথচ একই সঙ্গে আকর্ষণীয় চোখ দুটি আমি ভুলব না।’

দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল একটি কারমেলাইট চ্যাপেলের ভেতরে। ফ্রান্সিস লিখেছিলেন, ‘সে জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টি আমি ভুলব না। আগেরবারের চেয়েও তা ছিল তীব্র। চোখ দুটি ছিল আগুনের ঝলকের মতো।’

তৃতীয় ঘটনাটি ঘটেছিল চিলি সফরের পর রোমে একটি বৈঠকের সময়। ফ্রান্সিস লিখেছিলেন, ‘আমি তাকে দেখেছি এবং তার কণ্ঠস্বর শুনেছি। সেই কণ্ঠ ছিল বিজয়ী ও সর্বশক্তিমান।’

তিনি আরও লিখেছিলেন, ‘তার কণ্ঠের সেই বলিষ্ঠ ও কর্কশ স্বর আমি ভুলতে পারি না।’ তবে ঈশ্বর তাকে এসব অভিজ্ঞতা থেকে মুক্ত হওয়ার সুযোগ দিয়েছিলেন বলেও উল্লেখ করেন পোপ ফ্রান্সিস।

এ ছাড়া ২০১৮ সালের ৭ জুনের ডায়েরিতে আগের রাতে ‘নরকের দরজা’ দেখার অভিজ্ঞতার কথা লিখেছিলেন ফ্রান্সিস। ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ওই দৃশ্য দেখেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

ফ্রান্সিস লিখেছিলেন, ‘পৌত্তলিক প্রলোভনের পূর্ণ শক্তি। কিছুক্ষণ তা দেখেছিলাম, আর দৃশ্যটি আমাকে আতঙ্কিত করে তুলেছিল।’ তিনি আরও জানান, তখন ‘জপমালাকে অস্ত্র হিসেবে তুলে নিয়েছিলেন’।

ডায়েরিতে তিনি লিখেছিলেন, ‘নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক। কারণ, সেখান থেকে আগুনের শিখা বেরিয়ে এসে পুড়িয়ে দিতে পারে।’

দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভোগার পর ২০২৫ সালের ২১ এপ্রিল রোমে মারা যান পোপ ফ্রান্সিস। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার আগের নাম জর্জ মারিও বারগোগ্লিও। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসেরেতে জন্মগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ