খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

বিএনপি ২, জামায়েত ১, স্বতন্ত্র ৪

আসন্ন ইউপি নির্বাচন, ডুমুরিয়ার শরাফপুরে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ৭

শেখ আব্দুস সালাম, ডুমুরিয়া |
১১:৫২ পি.এম | ২৪ নভেম্বর ২০২৬


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার শরাফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভব্য ৭ জন প্রার্থী মাঠে নেমেছেন। এর মধ্যে ক্ষমতাসীন দল বিএনপি থেকে ২ জন, বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ জন এবং স্বতন্ত্র ৪ জন। 
জানা গেছে, আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন। ফলে উপজেলা ব্যাপি ছড়িয়ে পড়েছে নির্বাচনী হাওয়া। বইছে নির্বাচনী আমেজে! প্রচার প্রচারণা ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে সম্ভব্য প্রার্থীদের মধ্যে।
শরাফপুর ইউনিয়নে সম্ভব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন হেমায়েত রশিদ খান। তিনি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। ১৯৯৮ সালে ছাত্রদলের মধ্যে দিয়ে রাজনৈতিক অঙ্গণে পদার্পন করেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে যুবদল থেকে শুরু করে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। বিগত ১৭টি বছর একাধিক মামলা হামলার শিকার হয়েছেন, কারাবরণও করেছেন। 
হেমায়েত রশিদ জানান তার প্রধান লক্ষ্য মানুষের সেবা করা। গরীব দুঃখী মানুষের জন্য কাজ করা। গ্রাম্য অবকাঠামো উন্নয়নে তিনি কাজ করতে চান। বিগত ২০১৬ সালে দল তাকে মনোনয়ন দিয়েছিল এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। কিন্তু ফ্যাসিবাদের আমলে তাকে জোর করে পরাজিত করা হয়েছিল বলে দাবি করেন তিনি। দলের দুর্দিনে কোনো সময় পিছু হটেনি। ফলে দলীয় মনোনয়ন তিনি পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। 
সম্ভব্য বিএনপি অপর প্রার্থী বিএম আলমগীর কবির। তিনি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক। চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করে মাঠে ময়দানে  রয়েছেন। তিনি প্রায়ত সাবেক চেয়ারম্যান জাহাবক্স বিশ্বাসের পুত্র। তার পিতা ছিলেন বানিয়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। ইউনিয়ন ব্যাপী বিশিষ্ট শিক্ষাবিদ ও চেয়ারম্যান হিসেবে পিতার সুনাম ও খ্যাতি রয়েছে। নির্বাচনে বিএম আলমগীর কবির সেই ইমেজ কাজে লাগাতে চান। প্রার্থীতা নিয়ে তিনি বলেন, আমার মরহুম পিতার এই ইউনিয়ন নিয়ে অনেক স্বপ্ন ছিল। এই জনপদের সকল মানুষের সঙ্গে তাঁর ছিল আন্তরিক বন্ধন। আমার পিতা বিএনপি রাজনীতি করতেন। সেক্ষেত্রে দলীয় মনোনয়ন তিনি পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
সম্ভব্য প্রার্থী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরাফপুর ইউনিয়ন শাখার নায়েবে আমীর শেখ মঞ্জিরুল ইসলাম। তিনি প্রায়ত চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি’র সহদর। ইউনিয়নের মানুষ তাকে ভালোবেসে তিন তিন বার চেয়ারম্যান নির্বাচিত করেছিল। কিন্তু দুঃখের বিষয় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। জামায়াতে ইসলামী থেকে তিনি একমাত্র প্রার্থী। ফলে একক প্রার্থী হিসেবে তিনি বিজয়ের আশাবাদ ব্যাক্ত করেন। 
সম্ভব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোঃ ইব্রাহীম মোড়ল। তিনি পেশায় একজন প্রকৌশলী এবং ঢাকাতেই থাকেন। এলাকার দুস্থ অসহায় অসুস্থ্য রোগীর চিকিৎসায় গড়ে তুলছেন চিকিৎসা সেবা কেন্দ্র। সাধারণ মানুষের প্রয়োজনে তিনি নিজ অর্থায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে জানা গেছে। তিনি বলেন- উন্নয়ন ও সমৃদ্ধির দিক দিয়ে শরাফপুর ইউনিয়নে তেমন কিছু দেখা যায় না। রাস্তাঘাট ও মানুষের জীবন মান ও তেমন পরিবর্তন হয়নি। এখনো অনেক রোগী ও প্রসূতি মা বিনা চিকিৎসায় মারা যায়। নির্বাচিত এ জনপদের মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবায়  হাসপাতাল ও এ্যাম্বুলেন্স ব্যবস্থা নিশ্চিত করতে চান তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আগে থেকে মাঠে রয়েছেন ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান বিশ্বাস। তিনি দীর্ঘ ১০ বছর যাবৎ প্রার্থীতা ঘোষণা ও এলাকায় অবস্থান করছেন। বিগত ইউপি নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন এবং এ নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে কাজ করছেন। তিনি বলেন ইউনিয়নের মানুষ নানা ভাবে অবহেলিত। এখানে নদী ভাঙনের ঝুঁকি আছে। জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেই। এসব কিছু সমাধান করা দরকার। সেক্ষেত্রে আমি নির্বাচিত হলে এসব নিয়ে কাজ করবো। 
সতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন হাফেজ ওহিদুজ্জামান। তিনি বিগত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। ইউনিয়ন ব্যাপী তার রয়েছে ব্যাপক পরিচিতি। ইসলাম শিক্ষা প্রসারে মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা করেছেন তিনি। মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকা তার মুল লক্ষ্য উদ্দেশ্য। সকল অনিয়ম, দুনীতি, ঘুষ  সরকারি বরাদ্দ সুসম বন্টনের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন জি এম ইউনুছ তামিম। রাজনৈতিক দিক দিয়ে তিনি গণ অধিকার পরিষদ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তরুণ নেতৃত্বের দিক দিয়ে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি বলেন প্রার্থীতা ঘোষণা করায় সাধারণ মানুষ আমার ওপর আস্থা রেখেছেন এবং দলমত নির্বিশেষে পাশেও থাকবেন বলে জানিয়েছেন। প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ