খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

মাথা গোঁজার ঠাঁই টুকুও হারানোর পথে

ভাঙা ঘরে মানবেতর জীবন যাপন করছেন কপিলমুনি অসহায় বৃদ্ধা আমেনা

পাইকগাছা প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ২৪ নভেম্বর ২০২৬


পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিলেমানপুর গ্রামের বাসিন্দা মৃত ইনছাপ গাজীর স্ত্রী আমেনা বেগম (বৃদ্ধা আমেনা)। স্বামীর মৃত্যুর পর দীর্ঘ প্রায় ২০ বছর ধরে নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন এই নারী। জীবনের শেষ প্রান্তে এসে এখন তিনি চরম অসহায়ত্ব ও মানবেতর জীবন যাপন করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় দুই যুগ আগে স্বামীকে হারানোর পর পাঁচ মেয়ে ও এক ছেলের সংসারের সম্পূর্ণ দায়িত্ব একা এসে পড়ে আমেনা বেগমের কাঁধে। জীবন সংগ্রামে টিকে থাকতে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। স্বামীর রেখে যাওয়া সামান্য মাটির দেওয়াল আর টিন দিয়ে তৈরি ঝুপড়ি ঘরেই কেটেছে তার জীবনের বড় একটি অংশ। অত্যন্ত কষ্টে তিল তিল করে সন্তানদের বড় করে বিয়েও দেন তিনি।
কিন্তু সময়ের পরিবর্তনে বদলে যায় পরিস্থিতি। সন্তানদের বিয়ে দেওয়ার পর ছেলে আলাদা হয়ে অন্যত্র বসবাস শুরু করেন। পরবর্তীতে এক মেয়েও বাপের ভিটায় ঘর তুলে বসবাস করতে শুরু করেন। বর্তমানে স্বামীর রেখে যাওয়া মাত্র দুই কাটা জমির ওপর ছেলে, এক মেয়ে ও বৃদ্ধা আমেনা আলাদাভাবে বসবাস করছেন। কিন্তু বাস্তবতার নির্মমতায় এই পরিবারের কেউ কারো পাশে দাঁড়ানোর মতো অবস্থানে নেই।
বয়সের ভারে ন্যুব্জ এবং নানা শারীরিক অসুস্থতার কারণে গত প্রায় পাঁচ বছর ধরে ভারী কোনো কাজ করতে পারেন না আমেনা বেগম। পেটের টানে বাধ্য হয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করে কোনোমতে একবেলা খেয়ে না খেয়ে দিন কাটাতেন তিনি।
এরই মধ্যে স¤প্রতি ভারী বৃষ্টিপাতে মাটির দেওয়াল ধসে ঘরের চাল মাটিতে পড়ে যায়। মুহূর্তেই তার মাথা গোঁজার শেষ আশ্রয়স্থলটুকু বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। চরম অভাবের তাড়নায় নতুন করে ঘর তৈরি করা তার পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কোথা থেকে টাকা আসবে আর কীভাবে মাথা গোঁজার ঠাঁই হবে এই চিন্তায় এখন দিশেহারা বৃদ্ধা আমেনা।
অসহায় আমেনা বেগম আক্ষেপ করে বলেন, “স্বামীর মৃত্যুর পর থেকেই অনেক কষ্টে জীবন পার করছি। সন্তানেরা পাশে থেকেও নেই। আগে কাজ ও ভিক্ষা করে সংসার চালাতাম, কিন্তু এখন শরীর চলে না। এর মধ্যে বৃষ্টিতে ঘরটিও ভেঙে গেছে। এখন কীভাবে ঘর বানাবো, সেটাই বুঝতে পারছি না। অসুস্থ হলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। জীবনের শেষ সময়ে এসে আমার আর কিছু চাওয়ার নেই; মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি নিরাপদ ঘর পেলে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।
স্থানীয় সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী ও কৃষকদল নেতা মোঃ জামিরুল ইসলাম জামির বলেন, “বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। অতিরিক্ত বৃষ্টির কারণে তার ঘরটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি অত্যন্ত মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে তার মাথা গোঁজার ঠাঁইটুকুও আজ হারানোর উপক্রম হয়েছে। এই বয়সে তার বড় কোনো চাওয়া নেই, শুধু একটু নিরাপদ আশ্রয় চান। আমি স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানাই, এই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ানোর জন্য। তাকে একটি নিরাপদ ঘর তৈরি করে দিলে তিনি জীবনের শেষ দিনগুলো স্বস্তিতে কাটাতে পারবেন।
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর দাবি, সরকারি সহায়তা কিংবা বিত্তবানদের মানবিক সহযোগিতার মাধ্যমে যদি এই অসহায় বৃদ্ধার জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা যায়, তবে তিনি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। বৃদ্ধা আমেনার চোখে এখন একটাই প্রশ্ন তিনি কি আবার নিজের পায়ে দাঁড়াতে পারবেন, নাকি ভাঙা ঘরের সঙ্গেই ভেঙে যাবে তার বেঁচে থাকার শেষ আশাটুকু? সমাজের মানবিক মানুষ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।  

প্রিন্ট

আরও সংবাদ