খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

এলএনজি আমদানিতে কমিশন বাণিজ্য স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

|
১১:৫৪ পি.এম | ২৪ নভেম্বর ২০২৬


দেশে জ্বালানি চাহিদা মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি একটি অপরিহার্য বাস্তবতায় পরিণত হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরবরাহ সংকটের কারণে দামও আকাশচুম্বী। প্রকাশিত খবরে জানা যায়, এমন পরিস্থিতিকে সুযোগ হিসেবে ব্যবহার করে পুরনো কমিশন বাণিজ্যের একটি চক্র আবারও সক্রিয় হয়েছে। আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, স্থানীয় মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালী মহলের যোগসাজশে গড়ে ওঠা চক্রটি ভোক্তাসাধারণকে তো বটেই, খোদ সরকারকেও বেকায়দায় ফেলতে চাইছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, প্রতিযোগিতামূলক দরপত্রের বাইরে গিয়ে চক্রটি মূলত সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিপিএম) এলএনজি কেনার পরিধি বাড়ানোতে তৎপর হয়েছে। তে উচ্চমূল্যে আমদানি করতে গিয়ে ভর্তুকি বাড়ছে এবং নজিরবিহীন আর্থিক চাপে পড়ছে সরকার।
খবরে বলা হয়, স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করতে গিয়ে ব্যাপক আর্থিক চাপে পড়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে ৩০ হাজার ৬৪৯ কোটি টাকা। এর বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছে ১৭ হাজার ৪০০ কোটি টাকা।অথচ পুরো অর্থবছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ছয় হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ চার মাসেই বাজেট বরাদ্দের প্রায় ২.৭ গুণ ভর্তুকি দিতে হয়েছে। অর্থাৎ বাকি সময়ের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। আবার আমদানির অর্থ পরিশোধে ডলারের চাহিদা বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে সরাসরি ক্রয় মাধ্যমে (ডিপিএম) কেনাকাটায় অস্বচ্ছতা ও কমিশন বাণিজ্যের সুযোগ তৈরি হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি আরো বাড়ার আশঙ্কা করছে পর্যবেক্ষকমহল।
এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতনরাও ডিপিএম পদ্ধতি সমর্থন করছেন না। এক কর্মকর্তার ভাষ্য, ‘এলএনজি আমদানির ক্ষেত্রে আবার ডিপিএম চালু করতে চাইছে। কিন্তু এটি কোনো নিয়মিত ক্রয়পদ্ধতি হতে পারে না। বিশেষ পরিস্থিতিতে এর প্রয়োজন হতে পারে, কিন্তু সেটিকে কাজে লাগিয়ে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া এবং ক্রয়প্রক্রিয়ায় প্রতিযোগিতা সীমিত করার সুযোগ থাকা উচিত নয়।’
বলা বাহুল্য, বর্তমানে এলএনজি ছাড়া একটি দিনও কল্পনা করা কঠিন। রান্না থেকে শুরু করে শিল্প খাত সবকিছু গ্যাসনির্ভর। দেশে বেশির ভাগ বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাসে। আর এই গ্যাসের বড় উৎস আমদানিনির্ভর এলএনজি। সংগত কারণে এই খাতে যেকোনো অস্বচ্ছতা ও অনিয়ম সাধারণ মানুষের জীবনযাপন থেকে শুরু করে সামগ্রিক দেশের ওপর বাড়তি চাপ তৈরি করে। কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম নাজের হোসেন যথার্থই বলেছেন, ‘জ্বালানি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার উপকরণ নয়। তাই জ্বালানির ন্যায্যমূল্য নিশ্চিত করা, বাজারের অনিয়ম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।’
আমরাও মনে করি, জ্বালানি নিরাপত্তা দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি যুক্ত। তাই আমদানিপ্রক্রিয়াকে সব ধরনের বিতর্ক ও স্বার্থান্বেষী মহলের প্রভাবমুক্ত রেখে একটি স্বচ্ছ, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি নীতি বাস্তবায়নই হওয়া উচিত নীতিনির্ধারকদের প্রধান লক্ষ্য।
 

প্রিন্ট

আরও সংবাদ