খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

চাঁদপুর থেকে চুরি হওয়া প্রাইভেটকার আশাশুনির যুবদল নেতার মাছের ঘের থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৫ এ.এম | ২৫ নভেম্বর ২০২৬


সাতক্ষীরার আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের মাছের ঘের থেকে চাঁদপুরের হাজিগঞ্জ থেকে চুরি যাওয়া একটি সাদা রঙের করোলা প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৬টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউসুলী (মান্দারা) এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাজিগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের একটি গাড়ি চুরির ঘটনায় গত ১৯ অক্টোবর হাজিগঞ্জ থানায় মামলা (নম্বর ৩৩) হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গাড়িটি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাউসুলী এলাকায় ব্যবহৃত হচ্ছে। রোববার রাতে হাজিগঞ্জ থানার উপপরিদর্শক নুরে আলম সাতক্ষীরায় এসে আশাশুনি থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বাউসুলী এলাকার ওই ঘের থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে। 
আবু জাহিদ সোহাগের ঘেরে কর্মরত বাউসুলী গ্রামের কামরুল শেখের ছেলে এনামুল শেখ জানান, তিনি দুই বছর ধরে ৪৫ বিঘা জমির এই ঘেরে কাজ করছেন। তাঁর ভাষ্য, প্রায় তিন মাস আগে পাশের ঘেরের কর্মচারী ইলিয়াসের মাধ্যমে সোহাগ পুরোনো একটি করোলা (ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯) গাড়ি কেনেন। গাড়ির পেছনে দেড় লাখ টাকা খরচ করা হয়। বিক্রেতাকে স¤প্রতি ২০ হাজার টাকা দেওয়া হলেও আরও ৩০ হাজার টাকা বকেয়া ছিল। এনামুল বলেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে কয়েকজন এসে গাড়ির ছবি তোলেন এবং মালিকের নাম জানতে চান। ভোর ৬টার দিকে পুলিশ গাড়ি নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী খোকন সরদার জানান, তিন মাস ধরে গাড়িটি সোহাগকে ব্যবহার করতে দেখা গেছে। ভোরে আশাশুনি থানার এসআই ফিরোজ হোসেন, হাজিগঞ্জ থানার এসআই নূরে আলম ও গাড়ির মালিক এসে গাড়িটি নিয়ে যান। পরে তাঁরা জানতে পারেন, সেটি চোরাই গাড়ি ছিল। এসআই নুরে আলম বলেন, মূল আসামি ধরা না পড়া পর্যন্ত অনেক কিছু গোপন রাখা হচ্ছে।
হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, আবু জাহিদের হেফাজত থেকে চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে, তাই তিনি চুরির সঙ্গে  যুক্ত কিনা সেটি পুলিশ  তদন্ত করে দেখছে।  অভিযুক্ত হলে তাকে আইনের আওতায় আনা হবে। 
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীদুর রহমান বলেন, হাজিগঞ্জ থানার পুলিশ ভোরে বাউসুলীর একটি ঘের থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করে নিয়ে গেছে। এটি চোরাই কি-না তা তিনি জানেন না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা আবু জাহিদ সোহাগ বলেন, “গাড়িটি তার নিজের  না। তার ঘেরের পার্শ্ববর্তী ইলিয়াস নামের এক ব্যক্তির গাড়ি, জায়গা না থাকায় সে আমার ঘেরের বাসায় গাড়িটি রাখতো। ওই গাড়ি তিনি কোনদিন ব্যবহার করেননি বলে জানান।” 

প্রিন্ট

আরও সংবাদ