খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

খবর বিনোদন |
০১:৪০ এ.এম | ২৫ নভেম্বর ২০২৬


পৈতৃক নিবাস ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবা আতাউর রহমান খানের কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন।
জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে শেষবারের মতো দেখতে ঢাকার ধামরাইয়ে তার পৈতৃক বাড়িতে ভিড় জমান শত শত মানুষ। মঙ্গলবার বিকেল ৩টা ৫৩ মিনিটে এ্যাম্বুলেন্স করে উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে তার মরদেহ পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মরদেহবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশ করতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।
সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে আশপাশের কয়েকটি গ্রামের নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ নানা বয়সী মানুষ তার বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। স্বজন ও ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো বাড়ির আঙিনা। প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান বলেন, ‘তিনি শুধু বড় পর্দার মানুষ ছিলেন না, ছিলেন আমাদের গ্রামের গর্ব। এলাকায় এলেই সবার সঙ্গে সাধারণ মানুষের মতো মিশতেন।’
‘নসীব’ সিনেমার প্রোডাকশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, অভিনয়ের টানে গত বুধবার বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। সেখানে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়ে সহকর্মীদের হাসি-আনন্দে মাতিয়ে রেখেছিলেন তিনি। তবে মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নেয়ার আগে হোটেল মম ইনের ফ্লোরে অসুস্থ হয়ে পড়ে যান এই অভিনেতা। পরে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি নিজ এলাকা ধামরাইয়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।

প্রিন্ট

আরও সংবাদ