খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন পেছন থেকে মাথায় গুলি করে হত্যা

খবর প্রতিবেদন |
০১:৪৮ এ.এম | ২৫ নভেম্বর ২০২৬


নরসিংদীর শিবপুরে আলম মিয়া (৩৫) নামে এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনূর মিয়া।
নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি কাঠ কাটা ও রাজমিস্ত্রির কাজ করে এবং বিভিন্ন সময় দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল লোক গ্রামে আসে। এ সময় বাজার থেকে সড়ক দিয়ে বাড়ি যাওয়ার পথে আলম মিয়াকে পেছন থেকে মাথায় গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার সময় আশপাশে কয়েকজন লোক থাকলেও ভয়ে এ বিষয়ে কোনও কথা বলতে চাননি তারা। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা জানান, ঘটনার আগের দিন সোমবার স্থানীয় এক ব্যক্তি আলম মিয়াকে হত্যার হুমকি দিয়েছিল। তবে কী কারণে তাকে হুমকি দেওয়া হয়েছিল, তা তারা জানেন না।
ওসি কোহিনূর মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের সঙ্গে কথা বলে হত্যার কারণ, কে বা ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
 

প্রিন্ট

আরও সংবাদ