খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ২৫ নভেম্বর ২০২৬


নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটির সভাপতি হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান থাকলে সরকার এ শর্ত শিথিল করতে পারবে।
সোমবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, ঢাকাসহ দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনে কার্যকর হবে এ নির্দেশনা।
যেভাবে হবে গভর্নিং বডির সভাপতি : গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবন বৃত্তান্তসহ প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাবেন। মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠাতে হবে।
সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে তিনজনের নাম প্রস্তাব করা যাবে। প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন যেভাবে : ম্যানেজিং কমিটির সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচন করা হবে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণসাপেক্ষে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য নির্ধারিত শ্রেণির ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে।
বেসরকারি শিক্ষাব্যবস্থায় স্কুলের পরিচালনা পর্ষদকে ম্যানেজিং কমিটি এবং কলেজের পরিচালনা পর্ষদকে গভর্নিং বডি বলা হয়।
কমিটিতে বাধ্যতামূলক নারী প্রতিনিধি : পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দিতে হবে। তাদের মধ্যে থাকতে হবে অন্তত একজন নারী প্রতিনিধি। এ মনোনয়ন নিশ্চিত করবেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহŸায়ক।
এ ছাড়া কমিটি গঠনের অন্যান্য ক্ষেত্রে ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি সংক্রান্ত প্রবিধানমালার নির্দেশনা অনুসরণ করতে হবে-উলে­খ করা হয় পরিপত্রে।
এর আগে চলতি বছরের ১০ মার্চ ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাসের নিয়ম বাতিলের পরিকল্পনা করে সরকার। বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তী সময়ে গতকালকের পরিপত্র জারির মাধ্যমে এ সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এলো সরকার।
২০২৪ সালের মে মাসে প্রবিধানমালা সংশোধন করে ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমমানের যোগ্যতা নির্ধারণ করা হয়। পরে ২০২৫ সালের আগস্টে তা আরও বাড়ানো হয়। তখন গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছিল।
দেশে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৩৫ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ, নিয়োগ, বরখাস্ত, অপসারণ, ছুটি মঞ্জুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনায় গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির ভূমিকা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ