খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্সের মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে গেলেন মাহি

খবর বিনোদন |
০২:৩১ পি.এম | ২৫ নভেম্বর ২০২৬


মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে গেলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রতিযোগিতার সেরা ৩০-এর তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি। এর মধ্য দিয়ে শেষ হলো মাহির এবারের মিস ইউনিভার্স যাত্রা।

পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টায় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে শুরু হয়। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে প্রথম ধাপে সেরা ৩০ জনকে নির্বাচিত করা হয়।

এবারের আসরে দর্শক ভোটে সর্বোচ্চ ভোট পাওয়া একজন প্রতিযোগীর সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষে ছিলেন মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিনিধি দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে সেমিফাইনালের প্রতিযোগীদের নির্বাচন করা হয়।

এর আগে জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন সামিরা খান মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন তিনি।

‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শিরোনামের পোশাকটির মাধ্যমে মা ও সন্তানের চিরন্তন সম্পর্কের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরেন মাহি।

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি পোশাকটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। শাড়ির সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। এ ছাড়া মাহির পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয় একজন নারীর শৈশব, মাতৃত্ব ও বার্ধক্যের গল্প।

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ যারা
নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়া।

সেরা ৩০ প্রতিযোগী অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে নির্বাচিত করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।

উল্লেখ্য, ২০১৯ সালে শিরিন আক্তার শিলার মাধ্যমে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। এরপর ২০২৪ সালে দেশের প্রতিনিধিত্ব করেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে ইতিহাস গড়েন। এবার সামিরা খান মাহিকে ঘিরেও ছিল সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা। তবে প্রথম বাছাইপর্বেই শেষ হলো তার মিস ইউনিভার্স যাত্রা।

প্রিন্ট

আরও সংবাদ