খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

নির্দোষ প্রমাণের মাধ্যমে মুক্তি চান স্বজনেরা

ভারতে ভুল বিচারে ১৮ বছর জেল: প্যারোলে মোংলার বাড়িতে বাদল ফরাজী

মোংলা প্রতিনিধি |
০৫:০২ পি.এম | ২৫ নভেম্বর ২০২৬


নামের মিল থাকার খেসারত দিতে গিয়ে ভারতের দিলি­তে একটি হত্যা মামলায় ভুল বিচারে দন্ডিত হয়ে দীর্ঘ ১৮ বছর কারাভোগের পর অবশেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন মোংলার সন্তান বাদল ফরাজী। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশি প্রহরায় মোংলার নিজ বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ দেড় যুগ পর আদরের সন্তানকে কাছে পেয়ে শয্যাশায়ী অসুস্থ মা কান্নায় ভেঙে পড়েন। তবে ছেলের ঘরে ফেরার পথ চেয়ে থাকতে থাকতেই চিরবিদায় নিয়েছেন বাদলের বাবা এস এইচ খালেক ফরাজী।

মুক্তি ও বাড়ি ফেরার আইনি প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সিদ্ধান্ত এবং দিল্লি হাইকোর্টের অনুমতির পরিপ্রেক্ষিতে প্যারোল নীতিমালা অনুযায়ী মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদল ফরাজীকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার থেকে মুক্তির পর কঠোর পুলিশি প্রহরায় তাঁকে বাগেরহাটের উদ্দেশে পাঠানো হয়। দুপুর আড়াইটার দিকে তিনি বাগেরহাট জেলা কারাগারে পৌঁছান। সেখানে প্রয়োজনীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ১১টার দিকে মোংলার বাড়িতে পরিবারের জিম্মায় তাঁকে হস্তান্তর করে মোংলা থানা পুলিশ। আগামী চার সপ্তাহ তিনি পুলিশি নজরদারিতে পরিবারের সঙ্গে থাকবেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৬ মে ভারতের দিলি­র লাজপত নগরে ৭১ বছর বয়সী বৃদ্ধা নির্মলা মাদান নিজ বাসায় হত্যাকান্ডের শিকার হন। ওই মামলায় দিল্লি পুলিশ নিহতের পলাতক গৃহকর্মী 'বাদল সিং' নামে এক ব্যক্তিকে খুঁজছিল।

হত্যাকান্ডের দুই মাস সাত দিন পর, ওই বছরের ১৩ জুলাই তাজমহল দেখার উদ্দেশ্যে বৈধ পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন মোংলার তরুণ বাদল ফরাজী। সীমান্ত পার হওয়ার পরপরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কেবল নামের মিলের কারণে তাঁকে আটক করে এবং দিল্লি­­ পুলিশের পলাতক আসামি 'বাদল সিং' হিসেবে গ্রেপ্তার দেখায়। তখন বাদলের বয়স ছিল মাত্র ১৮ বছর।

ভাষাগত জটিলতা ও আইনি লড়াই গ্রেপ্তারের সময় হিন্দি ও ইংরেজি ভাষা না জানায় নিজের নির্দোষ হওয়ার বিষয়টি আদালতে তুলে ধরতে চরমভাবে ব্যর্থ হন বাদল। পরবর্তীতে বাংলাদেশ হাইকমিশন থেকে তাঁর পাসপোর্ট, ভিসা এবং হত্যাকান্ডের দুই মাস পর বৈধভাবে ভারতে প্রবেশের অকাট্য নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়। কিন্তু আইনি জটিলতা ও সাক্ষ্য-প্রমাণের দীর্ঘসূত্রতায় ২০১৫ সালে দিল্লির আদালত তাঁকে যাবজ্জীবন কারাদন্ডদেন।

কারাগারেই উচ্চশিক্ষা ও দেশে প্রত্যাবর্তন জীবনের সোনালি ১৮টি বছর চার দেয়ালের ভেতরে কাটলেও দমে যাননি বাদল ফরাজী। ভারতের কুখ্যাত তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দী থাকাকালেই অদম্য ইচ্ছাশক্তিতে তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন এবং কারাগারের বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কর্মকাÐে নিজেকে যুক্ত রাখেন।

পরবর্তীতে গণমাধ্যমে তাঁর এই করুণ কাহিনি প্রকাশ পেলে মানবাধিকার কর্মী ও দুই দেশের সরকারের উদ্যোগে ২০১৮ সালের ৬ জুলাই 'ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তি'র আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও পরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

বাদল কারাগারে থাকাকালীন ছেলেকে একনজর দেখার আকুতি নিয়েই মারা যান তাঁর বাবা এস এইচ খালেক ফরাজী। বর্তমানে তাঁর বৃদ্ধ মা গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন। মায়ের জীবনসায়াহ্নে শেষবারের মতো দেখা করার সুযোগ দিতেই ম‚লত এই প্যারোল মঞ্জুর করা হয়।

মঙ্গলবার রাতে দীর্ঘ দেড় যুগ পর ভাইকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন বাদলের বোন আকলিমা বেগম। তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরা জানান, সাময়িক এই মুক্তিতে তাঁরা কিছুটা স্বস্তি পেলেও শঙ্কা কাটছে না। চার সপ্তাহ পর বাদলকে আবারও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ফিরে যেতে হবে—এ কথা ভাবতেই শিউরে উঠছেন তাঁরা।

পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসীর দাবি, কোনো অপরাধ না করেই বাদল তাঁর যৌবনের ১৮টি বছর হারিয়েছেন। তাই প্যারোল নয়, বরং ক‚টনৈতিক ও আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণের মাধ্যমে বাদল ফরাজীর স্থায়ী মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারত—দুই দেশের সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বাদলের স্বজনরা। 
 

প্রিন্ট

আরও সংবাদ