খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রধান শিক্ষকের নামে চুরির মামলা, শিক্ষক-শিক্ষার্থীদের মিছিল ও স্মারকলিপি

চিতলমারী প্রতিনিধি |
০৫:১৫ পি.এম | ২৫ নভেম্বর ২০২৬


বাগেরহাটের চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ই’র নামে চুরির মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন। প্রধান শিক্ষককের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি দেন।

স্মারকলিপির তথ্য সূত্রে জানা গেছে, চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যলয়টি ১৯৭২ সালে ৩ একর ৫৬ শতক জমির উপর প্রতিষ্ঠিত হয়। যার ভূমি দান করেন চিতলমারী সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে মল্লিক সিরাজুল হক ২ একর ও শেরে বাংলা একে ফজলুল হকের ছেলে এ কে ফায়জুল হক ১ একর ৫৬ শতক। ওই ৩ একর ৫৬ শতক জরি এস এ রেকর্ডীয় মালিক হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়। কিন্তু বি আর এস জরিপের সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে রাস্তা পাশের দামি ২৩ শতক জায়গা মল্লিক সিরাজুল হকের নামে রেকর্ড করানো হয়। এতদিন ওই জমিতে দোকানঘর তুলে ভাড়া দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উন্নয়ন প্রকল্পে কাজ করছিল। স্কুলের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেত্রী প্রভাবশালী সুলতানা মল্লিক ওই জায়গা দখলের পায়তাঁরা চালায়। বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা ও সংঘাত এড়াতে প্রধান শিক্ষক আদালতের স্মরণাপন্ন হন। তারই রেশ ধরে সুলতানা মল্লিক আড়–য়াবর্নি গ্রামের হাবি খাঁকে দিয়ে প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ই’র নামে বাগেরহাট আদালতে একটি চুরির মামলা করিয়েছেন। শিক্ষক-শিক্ষার্থীদের দাবী অভিযোগের কোন বাস্তব ভিত্তি নেই এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই মামলা দায়ের করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ই র্দীঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করছে। এ ধরনের ঘটনা বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এহেন জ্ঞান তাপস প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা না হলে তারা বৃহৎ কর্মসূচী দিতে বাধ্য হবে।

প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ই বলেন, ‘স্কুলের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেত্রী প্রভাবশালী সুলতানা মল্লিক ওই জায়গা দখলের পায়তাঁরা চালাচ্ছে। আমরা শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা এটা কিছুতেই মেনে নেব না। বিদ্যালয়ের সম্পত্তি রক্ষার্থে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা কাজ করছি।’

চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক বলেন, ‘বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা ও সংঘাত এড়াতে আমরা আদালতের স্মরণাপন্ন হই। যার কারনে বিদ্যালয়ের জায়গা দখলে নিতে প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সুলতানা মল্লিক মিথ্যা মামলা দিয়ে ভিন্ন পথ অবলম্বন করছেন।’

এ ব্যাপারে হাবিব খান ওরফে হাবি খাঁ বলেন, ‘ঘটনার দিন আমি বাগেরহাটে ছিলাম। খবর পেয়ে এসে জানতে পারি প্রধান শিক্ষক আমার ১৫ থেকে ১৬ হাজার টাকা ও জামা-কাপড় চুরি করেছে। তাই মামলা করেছি।’ 

এ ব্যাপারে সুলতানা মল্লিক বলেন, ‘ক্ষতিগ্রস্থ ব্যাক্তি আইনের আশ্রয় নিতেই পারেন। এখানে আমার ইন্দন দেওয়ার কিছু নেই।’

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজোয়ান ইফতেকার বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের দেওয়া একটি স্মারকলিপি গ্রহণ করেছি। ওটা বিধি মোতাবেক জেলা প্রশাসক মহোদয়ের কাছে পৌছানোর ব্যবস্থা করব।’ 

প্রিন্ট

আরও সংবাদ