খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যার ৬ দিন পর সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক |
০৫:৩৯ পি.এম | ২৫ নভেম্বর ২০২৬

 

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ঘটনার ছয়দিন পর হত্যা মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিহত জাসাস নেতা সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় নড়াইল ১ আসনের প্রাক্তন সংসদ সদস্য কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক প্রাক্তন কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনসহ ৫১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহার দিতে নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস, সম্পর্কে তারা আপন দুই ভাই।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে মোটরসাইকেলে মিছিল বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওইদিন সন্ধ্যায় বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় শাহিন ও সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।

মামলার বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী জানান, নিহত সোহেল রানার বড় ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় ইতোমধ্যে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রিন্ট

আরও সংবাদ