খুলনা | বুধবার | ২৫ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের হামলায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

নিজস্ব প্রতিবেদক |
০৬:২৪ পি.এম | ২৫ নভেম্বর ২০২৬

 

মেহেরপুরের মুজিবনগরে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তহুরা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে হানিফ মহলদারসহ তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তহুরা খাতুন ওই গ্রামের মৃত রমজান মহলদারের স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন হানিফ মহলদার (৫০), রহজান মহলদার (৪০) ও শহিদুল মোল্লা (৬০)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের ইসলাম মহলদার ও তাঁর চাচাতো ভাই হানিফ মহলদারের পরিবারের মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ সকালে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে পাকা রাস্তায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন বাঁশ, কাঠ ও দেশীয় অস্ত্র নিয়ে হানিফের ওপর হামলা চালায়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলার শিকার হন তাঁর মা তহুরা খাতুন। এ সময় তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে হানিফের মামা শহিদুল মোল্লা ও রহজান মহলদার ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ইসলাম মহলদার ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা যাচাই করেছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে।

প্রিন্ট

আরও সংবাদ