খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |
১১:৩৩ পি.এম | ২৫ নভেম্বর ২০২৬


খুলনা মহানগরীর মজিদ সরণি রোডের ‘দ্যা পালংকি রেস্টুরেন্ট’-এ চাঁদার দাবিতে গুলিবর্ষণের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সোনাডাঙ্গা নবীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাডাঙ্গার নবপল্লী ঢালাই কারখানা গলির বাসিন্দা মো. হাবিব সরদারের ছেলে মো. সাকিব আল হাসান (২৪) এবং একই এলাকার সত্তার বিশ্বাস সড়কের মৃত ইসহাক হাওলাদারের ছেলে মো. আশিক হাওলাদার (২৪)।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৪টা ১০ মিনিটের মধ্যে মজিদ সরণি রোডস্থ ‘বাঙ্গালি ভোজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এর বিপরীত পাশের ‘দ্যা পালংকি রেস্টুরেন্ট’-এ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চাঁদার দাবিতে গুলি ছোড়ে। এতে রেস্টুরেন্টের কাচের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় বুধবার (২৫ নভেম্বর) সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলিমুজ্জামান বলেন, সোনাডঙ্গা থানার সন্নিকটে পালংকি রেস্টুরেন্টে দাবিকৃত চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা মঙ্গলবার বিকেলে গুলি চালায়। এতে কোনো হাতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ না করলেও রাতে এসআই সুজিত বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার দায়িত্ব পাওয়ার পর বিভিন্নস্থানে সোর্স নিয়োগ করা হয়। এরপর সোনাডাঙ্গা থানার নবপল্লী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে গত মঙ্গলবার বিকেলে গুলির ঘটনার পর পালংকি রেস্টুরেন্ট বন্ধ করে দেয় মালিকপক্ষ। নিরাপত্তার জন্য বুধবার প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ