খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি’র শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪১ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


সাতক্ষীরায় বিএনপি’র মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহ দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান (১৯) এবং ছাত্রলীগের সদস্য মোঃ মিন্টু (১৮)। মেহেদী হাসান সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে এবং মিন্টু একই এলাকার আমবীরের ছেলে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বুধবার বিকালে আলিপুর এলাকায় বিএনপির নেতাকর্মীর অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে শোডাউনে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হাতে ইটপাটকেলসহ মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন। পরবর্তীতে তাদের আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় নিয়ে  সাতক্ষীরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক করে দু’জনকে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, আটককৃতরা থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। পুলিশ আগে থেকেই তাদের গ্রেফতারের জন্য এলাকায় নজরদারি রেখেছিল এবং স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। বুধবার বিকেলে স্থানীয়রা তাদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

প্রিন্ট

আরও সংবাদ