খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ: অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ডিবি হেফাজতে

খবর প্রতিবেদন |
০১:২৯ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, সিনিয়র স্যাররা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি গোপালগঞ্জ জেলায় পুলিশের ওপর হামলা, থানায় আগুন দেওয়া ও অস্ত্র লুটসহ যে নাশকতার ঘটনা ঘটেছে, এসব ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের আগে ৩৩ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. রাকিবুল হাসান। ২০২৪ সালের ৫ আগস্টের পরে তাঁকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সবশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ সংযুক্ত ছিলেন।

এর আগে ৩৪ ব্যাচের পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকেও গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে রয়েছেন।

তিনি বলেন, কিছু কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীতেও থাকতে পারে, তারা এ সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে। আমরা তাদেরকে সতর্ক করেছিলাম, যাতে সরকারি চাকরিতে থেকে কোনো রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া তারা কাজ করে, (নিজেদের) জনসেবায় নিয়োজিত রাখে। তার মধ্যেও কিছু কিছু এ রকম চরিত্রগত কারণে কোনো অফিসার বা সদস্য থাকতে পারে, সেটা আমাদের কঠোর নজরদারিতে আছে। যে যেখানে চিহ্নিত হবে, তার বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র : স্টার নিউজ 

প্রিন্ট

আরও সংবাদ