খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার : মহিলা পরিষদ

খবর প্রতিবেদন |
০১:৩৮ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে ৩৯৮ জন ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে ২৮০টিই মেয়েশিশু। এ সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৩৭ জন আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪০ জনকে। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ এসব তথ্য তুলে ধরে।
এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৩৯৮ জন ধর্ষণের শিকার হয়েছে, যাদের মধ্যে ২৮০টি মেয়ে শিশু ও ১০৯ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৩৭ জন আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪০ জনকে।
রেখা আরও জানান, এ ছাড়া ১৭০ জন ধর্ষণ চেষ্টার ও ২০৬ জন যৌন সহিংসতার শিকার হয়েছে। একই সময়ে বিভিন্ন কারণে ৪৯০ জন নারী ও মেয়েশিশু হত্যাকান্ডের শিকার হয়েছে এবং ২৫৭ জনের রহস্যজনক মৃত্যু ঘটেছে।
লিগ্যাল এইড মুখপাত্র রেখা সাহা বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও সহিংসতা, নির্যাতন ও  বৈষম্য থেকে মুক্ত হতে পারেননি। বরং নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতার ধরন ও মাত্রা পরিবর্তিত হচ্ছে। পারিবারিক ও সামাজিক পরিসরের পাশাপাশি অনলাইন ও প্রযুক্তিনির্ভর সহিংসতা, সাইবার হয়রানি, নারীবিদ্বেষী প্রচারণা এবং ব্যক্তিগত ছবি ও বার্তার অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে দেশে অনেক আইন, নীতিমালা ও কর্মসূচি নেওয়া হলেও উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। নারীর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান আইনগুলোর কার্যকর বাস্তবায়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন জরুরি।
মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা একটি গুরুতর সামাজিক ব্যাধি। এটি শুধু নারীর ক্ষতি করে না, বরং সমগ্র সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ সমস্যার স্থায়ী সমাধানে পারিবারিক ও সামাজিক সহযোগিতার পাশাপাশি রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ