খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদন্ড

খবর প্রতিবেদন |
০১:৪০ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


অন্যের নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদ চুরি করে তৎকালীন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর-বর্তমানে বিজিবি) সিপাহী পদে যোগদান এবং দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি বেতন-ভাতা আত্মসাতের দায়ে অবসরপ্রাপ্ত এক সিপাহীকে ১৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামির নাম মোঃ আকবর আলী (ছদ্মনামধারী মোঃ জাহাঙ্গীর আলম)। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সিপাহী।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মোঃ আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে জরিমানা এবং চাকরিকালীন উত্তোলিত সমুদয় বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার জন্য তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুক‚লে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। দুদক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন সাজার এ তথ্য নিশ্চিত করেন।
আদালত রায়ে উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দন্ডবিধির পৃথক চারটি ধারায় তাকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে এক ধারায় ৩ বছর সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা। আরেক ধারায় ৫ বছর সশ্রম কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা। আরেক ধারায় ৪ বছর সশ্রম কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা। আরেক ধারায় ১ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
আদালতের রায়ে বলা হয়, আসামির মোট ১৩ বছরের সশ্রম কারাদন্ডের মেয়াদ একটির পর অন্যটি কার্যকর হবে। অর্থাৎ তাকে ১৩ বছরের কারাদন্ড ভোগ করতে হবে। আসামি গ্রেফতার হওয়া বা আদালতে আত্মসমর্পণের দিন থেকে এই সাজা গণনা শুরু হবে এবং পূর্বের হাজতবাস দন্ড থেকে বাদ যাবে।
মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে তৎকালীন বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সিরাজগঞ্জ সদরের কোনাগাতী গ্রামের মোঃ মহিরউদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম এবং চৌহালীর রেহাই কাউলিয়া গ্রামের মোঃ আকবর আলী। সে সময় জাহাঙ্গীর আলম অষ্টম শ্রেণি পাসের সনদ ও নাগরিকত্বের সনদ জমা দিয়ে চাকরির জন্য নির্বাচিত হন, কিন্তু পারিবারিক কারণে তিনি যোগদান করেননি। অন্যদিকে আকবর আলী নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হন। জাহাঙ্গীর আলমের যোগদান না করার সুযোগটি কাজে লাগিয়ে আকবর আলী তার অগোচরে জাহাঙ্গীর আলমের নাম, বাবার নাম, ঠিকানা ও সনদপত্র ব্যবহার করে প্রতারণামূলকভাবে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরের সিপাহী পদে যোগ দেন। পরবর্তী সময়ে ২০২২ সালের ২৫ মে পর্যন্ত তিনি চাকরি করে অবসর গ্রহণ করেন।
দুদকের তদন্তে উঠে আসে, অপরাধ ধামাচাপা দিতে আকবর আলী ১৯৮৪ সালে বিয়ের নিকাহনামাতেও নিজেকে ‘জাহাঙ্গীর আলম, পিতা-মহির উদ্দিন’ হিসেবে পরিচয় দেন। পরে চাকরির খতিয়ান বইয়ে জন্ম তারিখ এবং বাবার নাম পরির্বুন করেন। এমনকি ১৯৮৭ সালে নিজের ভুয়া ঠিকানা (কোনাগাতী গ্রাম) যমুনা নদীতে বিলীন হওয়ার মিথ্যা তথ্য দিয়ে স্থায়ী ঠিকানা পরিবর্তন করে চৌহালীর রেহাই কাউলিয়ায় স্থানান্তর করেন। পরবর্তী সময়ে তিনি নিজের নাম ‘মোঃ জাহাঙ্গীর আলম’ ও বাবার নাম ‘জসিম উদ্দিন মন্ডল’ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) তৈরি করেন।
ভুয়া পরিচয়ে বিডিআরে চাকরির বিষয়টি জানার পর প্রকৃত জাহাঙ্গীর আলম বিডিআর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। পরে দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ৭ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ধর বাদী হয়ে দুদকের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। 
তদন্ত শেষে ২০২৪ সালের ১১ এপ্রিল আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ