খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:৪০ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


মানিকগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামে এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই বাসা থেকে ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই ছাত্রী। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ১৮ নভেম্বর তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। পরে তাকে মানিকগঞ্জ সদর থানায় নেওয়া হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মানিকগঞ্জ সদর থানায় ধর্ষণের মামলা করেন। মামলায় চেন ইয়ংকে গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, চেন ইয়ংকে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ওই স্কুলছাত্রীর প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী ভুক্তভোগী স্কুলছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

প্রিন্ট

আরও সংবাদ