খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে প্রস্তুতি সভা গতকাল বুধবার দুপুরে বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। ১৬ ডিসেম্বরে জাতীয় পতাকার সঠিক মাপ, রং ও পতাকাদন্ডের নির্ধারিত মাপ সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে, যাতে সর্বস্তরে জাতীয় পতাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা, সৌন্দর্য ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্‌যাপনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর প্রত্যুষে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। নগরীর সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন জাতীয় পতাকা ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত ও আলোকসজ্জা করা হবে। ঐ দিন সকাল নয়টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং পরে বিভিন্ন বাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয়ে কুজকাওয়াজ অনুষ্ঠিত হবে।  খুলনা জেলা আউটার স্টেডিয়ামে তিন দিনব্যাপী চারু ও কারু শিল্প মেলা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে তিনটায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে।
১৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। বিজয় দিবস উপলক্ষে সরকারি শিশু সদন, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা, শিশু বিকাশ কেন্দ্রে ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বাদ জোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় শহিদ হাদিস পার্ক ও শিববাড়ি মোড়সহ  বিভিন্ন উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সোয়া ৭টায় নগরীর গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া আলোচনা সভা ও বাদযোহর বা সুবিধাজনক সময়ে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত ছিলেন। খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, কেডিএ’র সচিব সৈয়দ ফারুক আহম্মদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ