খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

নগরীতে দাবিকৃত চাঁদা না পেয়ে বাড়ির গেটে দুর্বৃত্তদের গুলি

নিজস্ব প্রতিবেদক |
০২:০৩ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


নগরীতে দাবিকৃত চাঁদা না পেয়ে এক কর্মকর্তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ সমিতির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিল্টন ‘সিএসএস আভা সেন্টারে’ জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত আছেন। কয়েক দিন আগে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার দুপুর পৌনে ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ- কমিশনার (দক্ষিণ) মোঃ রেজাউর রহমান জানান, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট

আরও সংবাদ