খুলনা | বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬ | ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের সিলিং ভেঙে শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক |
০২:০৫ এ.এম | ২৬ নভেম্বর ২০২৬


খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শ্রেণিকক্ষে সিলিং ভেঙে পড়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি। বুধবার আনুমানিক সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য আদ-দ্বীন মেডিকেলে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীরা টিনশেডের একটি কক্ষে বসেছিলেন। এ সময় সিলিং ফ্যান চালু করার সঙ্গে সঙ্গে কক্ষের ওপরের সিলিংয়ের একটি অংশ ভেঙে তাসলিমা তাপসির মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। এ ঘটনায় ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থীদের দাবি, সংশ্লিষ্ট শ্রেণিকক্ষটির অবস্থা নিয়ে এর আগেও অভিযোগ জানানো হয়েছিল। তবে অভিযোগ জানানোর পরও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য অনুযায়ী, মালিকপক্ষকে বারবার বিষয়টি অবহিত করা হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রেণিকক্ষটির সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রিন্ট

আরও সংবাদ