খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণে মাঠে নেমেছে কেএমপির একাধিক টিম

খুলনায় সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হচ্ছে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল

এন আই রকি |
০২:১৪ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


মহাগরীতে সা¤প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একাধিক টিম। অপরাধ দমনে নগরীর বিভিন্ন স্থানে পৃথকভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ট্রাফিক পুলিশ।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, স¤প্রতি নগরীর বিভিন্ন স্থানে গুলি, হামলা, ভাঙচুর এবং হত্যাকাণ্ডে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে। বিশেষ করে একাধিক হত্যাকাণ্ডে মোটরসাইকেলের মাধ্যমে সন্ত্রাসীরা খুব দ্রুত অপরাধ সংঘটিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। নগরীতে পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকার কারণে এবং মোটরসাইকেল শনাক্তে আরএফআইডি স্ক্যানার না থাকায় অপরাধীদের চিহ্নিত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন নগরের বিভিন্ন স্থানে ৫০টির বেশি জায়গায় শুধুমাত্র মোটরসাইকেলের ওপর জোর দিয়ে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে গত মঙ্গলবার নগরীর ৭টি স্থানে গুলির ঘটনাসহ একটি হত্যাকাণ্ড ঘটেছে, যার বেশ কয়েকটিতে অপরাধীরা মোটরসাইকেল ব্যবহার করেছে। চলতি বছর ১১ মাসে নগরীতে ৪১টি হত্যার ঘটনা ঘটেছে। 
কেএমপির ট্রাফিক বিভাগের সূত্র অনুযায়ী, পহেলা সেপ্টেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত নগরীতে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আরসি) প্রদর্শনে ব্যর্থ এবং রেজিস্ট্রেশন বিহীন মোট ৪৭৯টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এই সময়ে মামলা হয়েছে ৮৯৯টি এবং জরিমানা বাবদ অর্থ আদায় হয়েছে ২২ লক্ষ ৪৭ হাজার টাকা।
কেএমপির উপ-কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম  বলেন, নগরীর ১১ পয়েন্টে আমাদের দুই শিফটে সকাল ৯টা থেকে রাত দশটা পর্যন্ত নিয়মিত যানবাহন চেক করা হচ্ছে। এছাড়া শহরে প্রবেশের দু’টি পয়েন্টেও যানবাহন চেক করা হচ্ছে। আমরা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি মোটরসাইকেলের ওপর। রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেলের বিষয়ে আমরা একদম জিরো ট্রলারেন্সে আছি। গত তিন মাসে নগরীতে উলে­খযোগ্য হারে মোটরসাইকেল আটক করা হয়েছে। অপরাধ দমনে নগরীতে এআইভিত্তিক ক্যামেরা খুবই জরুরি।
কেএমপির ডেপুটি কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া  জানান, নগরীতে যে সকল অপরাধ কার্যক্রম হচ্ছে তার বেশির ভাগ ক্ষেত্রেই ভারতীয় তৈরি অস্ত্র ব্যবহার করা হচ্ছে পাশাপাশি দেশীয় অস্ত্র রয়েছে। এক্ষেত্রে মোটরসাইকেল ও ব্যবহার হচ্ছে। স¤প্রতি কয়েকটি গোলাগুলির ঘটনায় এবং হত্যাকাণ্ডে মোটরসাইকেল ব্যবহার হয়েছে। নগরীতে যারা অপরাধ করছে তাদের বড় একটি অংশ নগরের বাইরে থেকে আসছে। আমাদের টিম নগর জুড়ে অভিযান করছে। তবে সন্ত্রাসীদের ওয়াচ টিম আমাদের অভিযানের বিষয়ে সার্বক্ষণিক তাদের তথ্য সরবরাহ করছে। যার ফলে জনগণের সহযোগিতা থাকলে আমরা আরো আন্তরিকভাবে কাজ করতে পারবো।
কেএমপির উপ-কমিশনার (মুখপাত্র) মোঃ রেজাউর রহমান  বলেন, নগরীর ৩১ ওয়ার্ডে ক্রাইম ডিভিশনের অভিযান নিয়মিত হচ্ছে। প্রতিদিন প্রায় ৪০টা স্থানে অভিযান চলছে। নগর যারা অপরাধ কার্যক্রম করছে তাদের মোটা একটি অংশ মাদকের সাথে সম্পৃক্ত। এছাড়া বস্তির অনেকেই এই অপকর্মের সাথে। আমাদের জনবল আরো থাকলে আরো অভিযান করা সম্ভব হতো। বেশ কয়েকটি অপরাধে হামলা মামলা ভাঙচুর হত্যাকাণ্ডে মোটরসাইকেল ব্যবহৃত হয়েছে। আমাদের কাছে তথ্য আছে বেশিরভাগ ক্ষেত্রে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাই এমন গাড়ি ব্যবহার করা হয়। অনেক সময় চুরি করা বা ছিনতাই করা গাড়িও ব্যবহার করা হয়। নগরীতে ২০০ টির মত সিসি ক্যামেরা স্থাপন প্রয়োজন। তাহলে অপরাধ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। এ বিষয়ে কাজ চলছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে নগর নিরাপত্তার জন্য এ আই ভিত্তিক ক্যামেরা স্থাপনের।
বিআরটিএ খুলনার পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম  জানান, মোটরসাইকেলের পেছনের নম্বর প্লেটের মত সামনেও নম্বর প্লেট স্থাপনের বিষয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এটির সময় আরো বৃদ্ধি করা হয়েছে। এটা বাস্তবায়ন হলে নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেল রাস্তায় চলাচল কমে যাবে। এছাড়া আরএফআইডি স্ক্যানারের কোন সুযোগ নেই খুলনায়। এটিও প্রয়োজন তাহলে মোটরসাইকেলের নির্ণয় করা সম্ভব। খুলনায় এখন পর্যন্ত এক লক্ষ ৪৩ হাজার মোটরসাইকেল রেজিস্ট্রেশন হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, নগরীতে এআই ক্যামেরা স্থাপনের জন্য মধ্যে তিনটি প্রতিষ্ঠানের সাথে মিটিং হয়েছে। একটি কমিটিও করা হয়েছে। যেখানে কুয়েটের টিমও রয়েছে। নগরীর মধ্যে ১১টি সড়ক পথ এবং আটটি নৌপথে এআই ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হবে। খুলনার অপরাধ দমনে এই ক্যামেরা এখন বড় ধরনের সহায়ক হিসেবে কাজ করবে। খুব দ্রুত আমরা নগর জুড়ে এই ক্যামেরা স্থাপন করব।

প্রিন্ট

আরও সংবাদ