খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

নগরীতে কেসিসির দুই শতাধিক গাছ গরুতে খেয়ে নষ্ট, মালিকের বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক |
০২:৪০ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


নগরীর সৌন্দর্য বাড়াতে লাখ লাখ টাকা ব্যয়ে গাছ লাগাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। তবে রোপণের পর পর্যাপ্ত নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নগরীর মুজগুন্নী মহাসড়কে গবাদিপশুর অবাধ বিচরণে কেসিসির রোপণ করা দুই শতাধিক গাছ নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গরুর মালিকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কেসিসির এক ওয়ার্ড সচিব। শুধু গবাদিপশু নয়, কোথাও গাছের গোড়ায় দোকান বসানো হচ্ছে, আবার কোথাও ইট, বালু ও নির্মাণ সামগ্রী ফেলে রাখায় হুমকিতে পড়েছে নগরীর সবুজায়ন কর্মসূচি।
কেসিসি সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা নগরীতে ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন সড়ক ও উন্মুক্ত স্থানে প্রায় ২৩ হাজার ৫০০ গাছ রোপণ করা হয়েছে। বিশেষায়িত হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক, মুজগুন্নী মহাসড়ক, নিরালা সিটি কলেজ হোস্টেলের সামনে, নিরালা মোড় ও তাবলিগ মসজিদের সামনেসহ বিভিন্ন এলাকায় এসব চারা লাগানো হয়।
সরেজমিনে দেখা যায়, রোপণের পর থেকেই বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চারাগুলো। কোথাও গাছের গোড়ায় দোকান বসিয়ে ব্যবসা চলছে, কোথাও ইট, বালু ও খোয়া ফেলে রাখা হয়েছে। আবার গবাদিপশুর অবাধ বিচরণে চারা ও সুরক্ষাবেষ্টনী ভেঙে যাচ্ছে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি বৃক্ষরোপণের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
মুজগুন্নী মহাসড়কে গাছ নষ্টের ঘটনায় কেসিসির ৬ নম্বর ওয়ার্ডের সচিব শেখ মোঃ জুলফিকার আলী দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, নতুন রাস্তা মোড় থেকে বিজিবির ৩ নম্বর গেট পর্যন্ত সড়কে কেসিসির রোপণ করা দুই শতাধিক গাছ স্থানীয় বাসিন্দা শেখ মোঃ ইব্রাহীমের পালিত আট থেকে নয়টি গরু নষ্ট করেছে। বিষয়টি একাধিকবার মালিককে জানানো হলেও তিনি গরুগুলো ছেড়ে রাখছেন বলে অভিযোগ করেন ওয়ার্ড সচিব।
কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন জানান, নগরীতে রোপণ করা গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট ওয়ার্ড সচিব ও কনজারভেন্সি সুপারভাইজারদের দেওয়া হয়েছে। গবাদিপশু, দোকানপাট ও নির্মাণ সামগ্রীর কারণে গাছ ক্ষতিগ্রস্ত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলেও প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি; বরং নানা আইনগত ব্যাখ্যা দেওয়া হয়েছে। এ ধরনের অসহযোগিতা অব্যাহত থাকলে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নগরবাসীর প্রত্যাশা, শুধু বৃক্ষরোপণের সংখ্যা না বাড়িয়ে রোপণ করা প্রতিটি গাছের বেঁচে থাকা ও বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। সরকারি অর্থে লাগানো গাছ নষ্টের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি নিয়মিত তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।

প্রিন্ট

আরও সংবাদ