খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী ককটেলসহ আটক

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও ডিসিসহ গ্রেফতার তিনজন কারাগারে

খবর প্রতিবেদন |
০২:৪২ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার পুলিশের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাসউদুর রহমান।
নথি থেকে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নারী ও পুরুষ সদস্য একটি মিছিল বের করেন। এ সময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা ঘটনাস্থলে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার সময় আটক হন। এ সময় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মোঃ আল মামুনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হলে মোহাম্মদপুর থানায় নিয়ে যায় পুলিশ।
আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় এবং ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এসময় তাঁরা আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তাঁকে বিভিন্ন প্রশ্ন করেন। জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে চাকরিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। পরে আটক তিনজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁদের মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।
কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাঁকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধানমন্ডি থেকে আটক তিনজন এবং পৃথক অভিযানে ককটেলসহ গ্রেফতার আল আমিনসহ মোট চারজন বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট

আরও সংবাদ