খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ককটেল বিস্ফোরণে কৃষক লীগ নেতার মৃত্যু, আ’লীগের ২৫০ জনের বিরুদ্ধে মামলা

খবর প্রতিবেদন |
০২:৪৫ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা টমাস উদ্দিন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ ২৫০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের নাম উলে­খ করা হলেও অন্যদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে টমাস উদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বিকেল ৩টায় তাঁর গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, বুধবার মনাকষা ইউনিয়নের চৌকা (পারচৌকা) এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় আজ থানায় মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের নাম রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। ওসি আরও বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, বুধবার বেলা ২টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা (পারচৌকা) এলাকার একটি ভুট্টাক্ষেতে কলাগাছের আড়ালে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণে উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক টমাস উদ্দিন নিহত হন। তিনি একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মতুর্জার ছেলে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ