খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

কয়রায় দুই শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক |
০৩:০৪ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


কয়রা উপজেলায় দুই শিশুকে ধর্ষণের দায়ে মো. রিয়াজুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার খুলনার জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত রিয়াজুল ইসলাম কয়রা উপজেলার ২ নম্বর কয়রা এলাকার মোঃ শেরজুল ইসলামের ছেলে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ জুলাই বিকেল ৪টার দিকে বাদী ও তার প্রতিবেশী চাচি শাশুড়ি বাড়িতে না থাকায় ওই দুই শিশু বাড়ির সামনে খেলা করছিল। এ সময় খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে ডেকে নিয়ে যান রিয়াজুল ইসলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি শিশু দু’টিকে ধর্ষণ করেন। ভয়ে শিশু দু’টি বাড়ি ফিরে বিষয়টি তাদের মাকে জানায়। এ ঘটনার ছয় দিন পর আসামি পুনরায় একই ঘটনা ঘটান। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী শিশুদের মা নৌবাহিনী ও থানা পুলিশকে অবহিত করেন। পরে যৌথ অভিযানে আসামি রিয়াজুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৯ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রণয় মণ্ডল রিয়াজুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। চলতি বছরের ৩ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল আদালত এ রায় ঘোষণা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ