খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গের মন্ত্রীকে পাল্টা জবাব

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না : আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি |
০৩:০৬ এ.এম | ২৭ নভেম্বর ২০২৬


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, পলাতক শেখ হাসিনা ভারতে গিয়ে অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছেন। বাংলাদেশ আজ সন্ত্রাস ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। দেশের মানুষের শরীরে একবিন্দু রক্ত থাকতে স্বাধীন-সার্বভৌম ভ‚খন্ডের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস দেখাবেন না।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না উচ্চবিদ্যালয় মাঠে ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ কথা বলেন। স¤প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকির জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, যারা প্রতিবেশী রাষ্ট্রে বসে আগুন-সন্ত্রাসের পরিকল্পনা করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তুলে দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে আপনাদের আর ফেরা হবে না। ফিরতে হলে আইনি কাঠামোর মধ্যেই ফিরতে হবে। অন্য কোনোভাবে বাংলাদেশে ফেরার সুযোগ জনগণ দেবে না। দেশের প্রত্যেক প্রান্তের মানুষ অতন্দ্র প্রহরীর মতো সব অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ তাদের উসকানিতে পা দেবে না। ক্ষমতার লোভে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও কিংবা অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ হবে না। দেশের জনগণ নাশকতার ফাঁদে পা দেবে না। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করেন না। সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব ধরনের অপরাধের বিষয় আমলে নিচ্ছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী বলেন বাংলাদেশ এখন আর আগের জায়গায় নেই। দেশ এখন আন্তর্জাতিক পরিমন্ডলে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এখন জাতিসংঘের সভাপতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ ও শৈলকুপা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোঃ কামালুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ১৭ বছর ধরে নিজেদের মতো করে মুক্তিযুদ্ধের চেতনা শেখানোর চেষ্টা করা হলেও ছাত্রসমাজ ও জেন-জি তা গ্রহণ করেনি, বরং তাদের হৃদয়ে ’৭১-এর ২৭ মুক্তিযোদ্ধার চেতনা ও বাংলাদেশ ছিল। পাশাপাশি ’৭১, ’৯০ ও ’২৪-এর গণঅভ্যুত্থানের ঋণ স্বীকার করে বলেন, ’২৪ ও ’৭১-কে কখনো মুখোমুখি দাঁড় করানো হবে না, আর ’২৪-এর গণঅভ্যুত্থানে ১৪০০-এর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, সরকার যখন দেশ গঠনের চেষ্টা করছে, তখন ফ্যাসিবাদী শক্তি দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের পাশাপাশি স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান তিনি। মন্ত্রী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর শপথ করেই আমি এ কাজ শুরু করেছি। প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য চিকিৎসার ব্যবস্থা চালু রয়েছে । এ ছাড়া মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী যখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তখন ২০২৪ সালের পরাজিত শক্তি দেশের বাইরে থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শেখ হাসিনার নির্দেশনা ও ভারতের ইন্ধন ছাড়া গোপালগঞ্জে ও বিভিন্ন জায়গায় অগ্নিসন্ত্রাস সম্ভব নয়। আমাদের শপথ নিতে হবে, শরীরে একবিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও দখল হতে দেওয়া হবে না।
এর আগে সকালে শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের মূল চরিত্র। দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি, তাদের কর্মকান্ডের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়েছে। সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুসলিম উত্তরাধিকার আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, উত্তরাধিকার আইন সংশোধন করা হবে না। কোরআনের বিধান অনুযায়ী বর্তমানে যেভাবে উত্তরাধিকার আইন প্রচলিত রয়েছে, সেভাবেই তা চলবে।

প্রিন্ট

আরও সংবাদ