খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় চাঁদা না পেয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

নিজস্ব প্রতিবেদক |
০৫:১৬ পি.এম | ২৭ নভেম্বর ২০২৬


চাঁদা না পেয়ে খুলনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিলে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। তবে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান মিলের মালিকপক্ষ। এর জেরে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় শ্রমিক-কর্মচারীরা ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি।

একই এলাকার হঠাৎ বাজারের পাশে অবস্থিত শামসুর রহমানের চানাচুর কারখানাটিও ওই বাহিনীর চাঁদা দাবির শিকার হয়। দীর্ঘদিন ধরে কারখানার মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে ওই বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। ঘটনার তদন্ত চলছে। দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ