খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খুবিতে ‘মিট বিআইএম’ সেমিনার অনুষ্ঠিত, নতুন কোর্স ও স্কলারশিপের ঘোষণা

খুবি প্রতিনিধি |
০৫:৫৩ পি.এম | ২৭ নভেম্বর ২০২৬


পেশাগত দক্ষতা উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘মিট বিআইএম: এক্সপ্লোর ইওর ফিউচার’ (Meet BIM: Explore Your Future) শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এই সেমিনারের আয়োজন করে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

বিআইএমের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সেলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইএমের পিজিডি কোর্সের সদস্য সচিব এস এম আরিফুল ইসলাম, খুবি ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক মেহেদী হাসান মোহাম্মদ হেফজুর রহমান, খুলনা বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক জনপল বাড়ৈ।

সভাপতির বক্তব্যে বিআইএমের মহাপরিচালক মো. সেলিম উল্লাহ শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বিশেষ সুবিধার ঘোষণা দেন। তিনি জানান, সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা চলতি বছর খুলনায় বিআইএমের বিভিন্ন কোর্সে ভর্তি হবেন, তাদের প্রত্যেককে ২৫ শতাংশ টিউশন ফি ছাড় দেওয়া হবে এবং অবশিষ্ট ফি তিনটি কিস্তিতে পরিশোধের সুযোগ থাকবে। এ ছাড়া মেধার ভিত্তিতে ১০টি স্কলারশিপ চালু রয়েছে, যার মধ্যে পাঁচটি শতভাগ এবং বাকি পাঁচটি ৫০ শতাংশ। পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে কোর্সের পরীক্ষার ফি পরিশোধের কিস্তি দুইটি থেকে বাড়িয়ে চারটি করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

সেমিনারে বিআইএমের বিভিন্ন পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় খুলনায় ‘পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম)’ কোর্সে ভর্তিচ্ছুদের জন্য বিশেষ ছাড় এবং ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ নামে নতুন একটি কোর্স চালুর ঘোষণা দেন মহাপরিচালক। শিগগিরই নতুন কোর্সটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি। এ ছাড়া বিআইএমকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিআইএম খুলনার উপপরিচালক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়, সরকারি বিএল কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি আজম খান কমার্স কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ ছাড়া খুলনা, নড়াইল ও গোপালগঞ্জের বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সেমিনার আয়োজনের জন্য বিআইএম মহাপরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় খুলনা বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনটির প্রতিনিধিরা।

প্রিন্ট

আরও সংবাদ