খুলনা | শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

কয়রায় ৪ আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ জলদস্যুর দুই সহযোগী আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি |
০৬:০৩ পি.এম | ২৭ নভেম্বর ২০২৬


সুন্দরবনের কয়রা এলাকায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ দুইজন জলদস্যুর সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কয়রা এলাকার হাফিজুর রহমান (৩৭), পিতা কেরামত গাজী এবং আব্দুর রহিম (২৬), পিতা জামাল ফারুক।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বসতবাড়িতে তল­াশি চালানো হয়। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত ৪টি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে জলদস্যুদের সহযোগিতা করার তথ্য পাওয়া গেছে। অপরদিকে, আব্দুর রহিম জলদস্যুদের খাদ্য ও রসদ সরবরাহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতেন বলে জানা গেছে।

এসআরবি ফোর্সেস নিয়মিতভাবে অপরাধ দমন, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও মাদক কারবারিদের গ্রেপ্তারসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করে আসছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধারকৃত আলামতসহ কয়রা থানায় হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ