খুলনা | শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, শিববাড়িতে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক |
১২:০০ এ.এম | ২৮ নভেম্বর ২০২৬


খুলনা নগরে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়ির ফটক লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে নগরের ব্যস্ততম শিববাড়ি মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে নগরের খানজাহান আলী থানার যোগীপোল এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এবং সন্ধ্যার পর সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড়ে এসব ঘটনা ঘটে।

ব্যবসায়ীর বাড়িতে গুলি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যোগীপোল এলাকার বাসিন্দা ব্যবসায়ী জিয়া ফকিরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল একদল দুর্বৃত্ত। দাবি করা টাকা না পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁর বাড়ির ফটক লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

খানজাহান আলী থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেজাউল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শিববাড়ি মোড়ে জোড়া ককটেল বিস্ফোরণ
এদিকে সন্ধ্যার পর নগরের প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিএনপি ও এনসিপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে এলেও কাউকে পাননি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ