খুলনা | শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

অভিযানের মধ্যেও গুলি, ভীত সন্ত্রস্ত্র ব্যবসায়ীসহ নগরবাসী

চাঁদা না পেয়ে নগরীতে ফের তিন প্রতিষ্ঠানে গুলি, ফার্মেসির মালিকের ছেলে গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক |
১২:৫৪ এ.এম | ২৮ নভেম্বর ২০২৬


নগরীতে দাবি অনুযায়ী চাঁদার টাকা না পেয়ে তিন প্রতিষ্ঠানে গুলি চালিয়েছে দুবৃর্ত্তরা। এতে ফার্মেসির মালিকের ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে ঘটনাগুলো ঘটেছে। এদিকে গত চারদিনে মহানগর পুলিশের আওতাধীন এলাকায় অন্তত ১২টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত হয়েছেন। এরমধ্যে সর্বশেষ প্রকাশ্যে গুলি চালিয়ে ফার্মেসির মালিকের ছেলেকে আহত করার ঘটনা ঘটল। চলছে কেএমপিসহ জেলা পুলিশ ও এসআরবি’ অভিযান তবুও থেমে নেই দুবৃর্ত্তদের হামলা-গুলিবর্ষণ ও ভাঙচুর। ভীত সন্ত্রস্ত ব্যবসায়ীসহ নগরবাসী।
সবশেষ পুলিশ পাহারায় চালুর ১৩ দিনের মাথায় টুটপাড়ার সেই চয়নিকা ফার্মেসিতে সন্ত্রাসীরা বোরকা পরে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়েছে। গুলিতে দোকান মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ জখম হয়েছে। তার পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য দিনের মতো শুক্রবারও পুলিশ পাহারা ছিল ফার্মেসিটি। কিন্তু ঘটনার সময় সেখানে কোনও পুলিশ ছিল না বলে জানা গেছে। 
চাঁদার দাবিতে হুমকিতে ভীত সন্ত্রস্থ হয়ে গত ২৮ অক্টোবর রাত থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ ছিল। এ অবস্থায় কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দেয়। এরপর পুলিশের আশ্বাসে ১৪ নভেম্বর রাত থেকে পুলিশ পাহারায় ফার্মেসিটি আবার চালু হয়েছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক ওয়াসিক হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা একজন ফার্মেসির সামনে আসে। তখন সেখানে কোনও পুলিশ ছিল না। এমন অবস্থায় একটি মোটরসাইকেল সেখানে এসে দাঁড়ায়। এ সময় হঠাৎ বোরকা পরা লোকটি অস্ত্র বের করে ফার্মেসির ভেতরে একটি গুলি করে। এরপর চিৎকার চেঁচামেচি হয়। পরে ভেতর থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় বের করা হয়। গুলি হওয়ার কারণে তখন সেখানে ফাঁকা হয়ে যায়। এ অবস্থায় তিনি রিকশা নিয়ে এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে পাশের ক্লিনিকে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চয়নিকা ফার্মেসির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। চাঁদা না দেওয়ায় বিভিন্ন সময় তাঁকে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে নিরাপত্তাহীনতার কারণে গত ২৮ অক্টোবর বুধবার রাত ৯টার দিকে দুই যুগের বেশি সময়ের পুরোনো ফার্মেসিটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিক।
টানা ১৬ দিন বন্ধ থাকার পর গত ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশের সহায়তায় ফার্মেসিটি আবার চালু করা হয়। এ সময় নিরাপত্তার জন্য সেখানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ফার্মেসিটি বন্ধ থাকায় এলাকার ওষুধ কিনতে আসা মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়েছিল।
তবে পুলিশের সহায়তায় প্রতিষ্ঠানটি পুনরায় চালু হওয়ার ১৪ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটল। ঘটনার পর সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে উপস্থিত হন।
খুলনা সদর থানার ওসি (তদন্ত) দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, গুলিতে ফার্মেসির মালিকের ছেলে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
মহানগর পুলিশের সদর জোনের সহকারী কমিশনার শফিকুর রহমান বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ জারিফের সঙ্গে কথা বলেছেন। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
দুই প্রতিষ্ঠানে গুলি : নগরীর লবণচরা থানা এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে একটি তুষকাঠ মিল ও একটি চানাচুর কারখানায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে রূপসা সেতু এলাকার হঠাৎ বাজারে পৃথক এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
লবণচরা থানা এলাকায় চাঁদা না দেওয়ায় দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে রূপসা সেতু এলাকার হঠাৎ বাজারে এ ঘটনা ঘটে। মাত্র একদিনের ব্যবধানে একই এলাকায় আবারও দু’টি প্রতিষ্ঠানে গুলির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠ মিলের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের প্রধান। মিলের মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোরে ওই চক্রের সদস্যরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে।
একই চক্রের বিরুদ্ধে হঠাৎ বাজারের পাশে অবস্থিত শামসুর রহমানের চানাচুর কারখানার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। দাবিকৃত টাকা না পেয়ে শুক্রবার ভোরে চক্রটির দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় তারা। ঘটনার সময় ভোর হওয়ায় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। ফলে দু’টি প্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় কেউ হতাহত হননি। তবে পরপর দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
লবণচরা থানার অফিসার (ওসি) সৈয়দ মোশাররেফ জানান, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভয়ে কেউ মুখ খুলছেন না বলেও জানান তিনি।
ওসি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট

আরও সংবাদ