খুলনা | শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

বেগুনে আগুন, সবজি ও মাছে মেলেনি স্বস্তি অপরিবর্তিত মাংসে : ক্রেতারা দিশেহারা

নিজস্ব প্রতিবেদক |
১২:৫৫ এ.এম | ২৮ নভেম্বর ২০২৬


শীতের আগমনে নগরীর কাঁচাবাজার গুলোতে মৌসুমি সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও নিত্যপণ্যের দামে কোনো স্বস্তি ফিরছে না। তবে বেড়েছে বেগুনের দাম। সবজির পাশাপাশি মাছ, মাংস ও ডিমের চড়া মূল্যে চরম বিপাকে পড়েছেন সাধারণ ও সীমিত আয়ের মানুষ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নগরীর রূপসা বাজার, মিস্ত্রিপাড়া, নিরালা বাজার, ময়লাপোতা সান্ধ্য বাজার ও গল্লামারি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। পণ্যের বাড়তি দামের কারণে ক্রেতাদের পকেট কাটছে, ফলে ব্যাগ ভরে বাজার করতে না পেরে হতাশ হয়ে ফিরছেন অনেকেই।
এসব বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিতে। এ ছাড়া গাজর ১০০ টাকা এবং টমেটো ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত রবিবার ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। অন্যান্য সবজির মধ্যে বেগুনের দাম কেজিতে ৬০ থেকে ৭০ টাকা থেকে বেড়ে ৯০ থেকে ১০০ টাকায় উঠেছে। আকার ভেদে ফুলকপি ও বাঁধাকপি ৬০ থেকে ৭০ টাকা থেকে কমে ৪০ থেকে ৫০ টাকায় এবং কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা থেকে কমে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। পালংশাকের দাম ৪০ থেকে ৫০ টাকা থেকে কমে ৩০ থেকে ৪০ টাকা হয়েছে। এ ছাড়া করলা, বরবটি শিম ও কুমড়ার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
সবজি বিক্রেতারা বলছেন, বাজারে এখনো পুরোপুরি নতুন শীতকালীন সবজি নামেনি। বাজারে পর্যাপ্ত পরিমাণে নতুন সবজি আসতে শুরু করলে দাম আরও কমতে পারে।
অন্যদিকে, মাছ, মাংস ও ডিমের বাজার মাছের বাজারেও নেই স্বস্তি। দেশি ও নদীর মাছ সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার পুরোপুরি বাইরে চলে গেছে। বাজারে প্রতি কেজি টেংরা ৫৪০ টাকা, শোল ৬০০ টাকা, ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা এবং গলদা চিংড়ি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি শিং মাছ ১ হাজার টাকা, বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা, আইড় মাছ ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং সাগরের পাঙাশ ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
গত সপ্তাহে প্রতি কেজি রুই মাছ ২৬০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা কমে ২২০ থেকে ২৮০ টাকায় নেমেছে। কাতলা মাছের দাম ৩০০ থেকে ৩২০ টাকা থেকে কমে ২৫০ থেকে ২৮০ টাকা হয়েছে। তেলাপিয়ার দামও কমে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। বোয়াল মাছের দাম কেজিতে ৬০০ থেকে ৮০০ টাকা থেকে কমে ৪৫০ থেকে ৭০০ টাকায় নেমেছে। 
আমিষের অন্যতম উৎস ডিমের বাজারে এখনো কোনো স্বস্তি নেই। প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে সামনের সপ্তাহের মধ্যে দাম কমতে পারে বলে ডিম ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেছেন। মাংসের বাজারেও দামের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, কক মুরগি ২৪০ থেকে ২৪৫ টাকা এবং দেশি মুরগি ৬০০ থেকে ৬২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতাদের প্রতিক্রিয়া কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজারদর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
বাজার করতে আসা ব্যাংক কর্মকর্তা কামরুল আহসান বলেন, বাজারের অবস্থা এখনো ক্রয় ক্ষমতা বাহিরে। অনেক সবজির দাম বেশি হওয়ায় কিনতেই পারছি না। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে। মাছের বাজারেও একই অবস্থা; যে মাছ আগে ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা এক হাজারের উর্ধ্বে।
আরেক ক্রেতা রইচ উদ্দিন বলেন, আগে যে টাকায় পুরো সপ্তাহের বাজার করা যেত, এখন সেই টাকায় সপ্তাহের দু-তিন দিনেও হচ্ছে না। মাছ-মাংস কিনতে গিয়েও হিমশিম খাচ্ছি।
বাজার বিশ্লেষক ও ভোক্তাদের মতে, কেবল সরবরাহ বাড়লেই হবে না, পাইকারি ও খুচরা পর্যায়ে কঠোর বাজার তদারকি নিশ্চিত করা জরুরি। পণ্যের সরবরাহ এবং দামের মধ্যে একটি স্বস্তিদায়ক ভারসাম্য তৈরি না হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়বে।

প্রিন্ট

আরও সংবাদ