খুলনা | শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

খবর প্রতিবেদন |
০১:২৩ এ.এম | ২৮ নভেম্বর ২০২৬


ফেনীর দাগনভূঞায় বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর এলাকায় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িসংলগ্ন বদরের নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে আবুল বাশার, হৃদয় সওদাগর, মেহেদী হাসান, ফয়সাল, শিবলু, মহিবুল ইসলাম রাজু, জহিরুল হক, তানভীর, শামীম ও ইয়াকুব আলীর নাম জানা গেছে। আহতদের প্রায় সবাই দাগনভূঞা পৌর বিএনপি’র যুগ্ম-আহŸায়ক কাজী সাইফুল আলম স্বপনের ছোট ভাই এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থক বলে দাবি করা হচ্ছে।
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, তিনি পূর্বচন্দ্রপুর ইউনিয়নে যুবদলের রফিকসহ একটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বদরের নেছা উচ্চ বিদ্যালয় পার হওয়ার পর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জসিমের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। এ সময় তাদের বহরের দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আরও কয়েকটি মোটরসাইকেল আটকে রাখা হয়েছে। হামলায় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জসিম উদ্দিন বলেন, ছাত্রদল থেকে বহিষ্কৃত নেতা কাজী ফটিক ও তার ভাই পলাশের নেতৃত্বে একটি দল উপজেলা বিএনপি’র আহŸায়ক আকবর হোসেনের বাড়িতে হামলার উদ্দেশ্যে আসে। এ সময় আলাইয়ারপুর গ্রামবাসীসহ স্থানীয়রা তাদের প্রতিরোধ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং দু’টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপি’র আহŸায়ক ও পরিবেশমন্ত্রীর ছোট ভাই আকবর হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তিনি শুনেছেন, দলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে একটি দল তার বাড়িতে হামলার উদ্দেশ্যে এসেছিল। এ সময় এলাকাবাসী তাদের প্রতিরোধ করেন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দায়িত্বে থাকা ফেরদৌসী বেগম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রিন্ট

আরও সংবাদ