খুলনা | শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর

নড়াইলে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে শ্রমিককে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি |
০১:৩৯ এ.এম | ২৮ নভেম্বর ২০২৬


নড়াইলের লোহাগড়ায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে ফরহাদ মোল্লা (৫৪) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচরে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ মোল্যা ওই গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছায়মানারচরের একটি ধানের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বায়েজিদ মোল্লা ও দাউদ মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বায়েজিদ মোল্লার পক্ষে কয়েকজন শ্রমিক ওই জমির ধান কাটতে যান। এ সময় দাউদ মোল্লা তাদের ধান কাটতে নিষেধ করেন। একপর্যায়ে লোকজন নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। এ সময় অন্য শ্রমিকরা পালিয়ে যেতে সক্ষম হলেও ফরহাদ মোল্লা পেছনে পড়ে যান। এ সময় তাকে  প্রতিপক্ষের লোকজন পিটিয়ে  গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন দাউদ মোল্লার স্বজনরা। তাদের দাবি, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ থাকলেও ফরহাদ শারীরিকভাবে দুর্বল ও অসুস্থ ছিলেন। গাছের আঘাতের পর স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার সূত্র ধরে বিক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বজন ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমিতে ধান কাটার সময় দাউদ মোল্লা পক্ষের লোকজনের হামলায় বায়েজিদ মোল্লার ধান কাটার শ্রমিক ফরহাদ মোল্লা নিহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  মরদেহের ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ