খুলনা | শনিবার | ২৮ নভেম্বর ২০২৬ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সন্ত্রাস ও নাশকতা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ, জনগণ দাঁতভাঙা জবাব দেবে : এমপি হেলাল

রূপসা প্রতিনিধি |
০১:৪৪ এ.এম | ২৮ নভেম্বর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, সন্ত্রাস, নাশকতা ও ভয়ভীতি সৃষ্টি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দিন শেষ। জনগণ এখন অনেক সচেতন। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে কিংবা সাধারণ মানুষকে জিম্মি করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করা যাবে না। এ ধরনের অপচেষ্টা করা হলে জনগণই তার দাঁতভাঙা জবাব দেবে।
তিনি বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকান্ডের সাথে লিপ্ত আছে। এ ধরনের কর্মকান্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়। দেশের মানুষের জানমালের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।
এমপি গতকাল শুক্রবার বিকেলে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের কোলা বাজার চত্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র ও অপচেষ্টার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা থাকতে পারে। তবে জনগণের ঐক্য, সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার কাছে কোনো অপচেষ্টাই সফল হবে না। দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় নেতাকর্মীদেরও ধৈর্য, সংযম ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থাকতে হবে। 
তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুর রহমান মিন্টু। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইয়ামিন শেখের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, তেরখাদার সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোঃ রবিউল হোসেন, মোঃ ইকরাম হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, মোল্লা হুমায়ুন কবির, মোঃ মিল্টন মুন্সী ও উপজেলা যুবদল নেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো। সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ