খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

ভবদহের দুঃখ ঘোচাতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার: কৃষিমন্ত্রী

তথ্য বিবরণী |
০৫:০৬ পি.এম | ২৮ নভেম্বর ২০২৬


কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আমরা চাই না ভবদহ এলাকার মানুষদের জলাবদ্ধতার দুঃখ থেকে মুক্তি পেতে যুগের পর যুগ সময় লাগুক। দ্রুততম সময়ের মধ্যে আমরা এসমস্যার সমাধান করতে চাই। ভবদহ জলাবদ্ধতা সমস্যা সমাধানে যে কোন সিদ্ধান্ত গ্রহণের আগে এবিষয়ে বিশেষজ্ঞ ও এ অঞ্চলের মানুষের সাথে পরামর্শ করা হবে এবং দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে টিআরএম আসতে পারে। ভবদহ এলাকার মাটি ফসল আবাদের জন্য উৎকৃষ্ট। তাই আগামী দুই এক বছরের মধ্যে পুরো অঞ্চলটি চাষের আওতায় আনা স্বল্পমেয়াদি পদক্ষেপের মূল উদ্দেশ্য হবে। তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারের বড় দায়িত্ব ও কর্তব্য হলো জনগণের কল্যাণে কাজ করা।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃহত্তর ‘যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের এক-তৃতীয়াংশ অঞ্চলের মানুষের কল্যাণে ও অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারাজ দৃশ্যমান করার কথা সরকারের নির্বাচনি ইশতেহারে ছিলো। যা বাস্তবায়িত হলে ভবদহ এলাকার নদীগুলোয় উজান হতে পানি প্রবাহ বৃদ্ধি পাবে। এতে নদী তলদেশ পলি দ্বারা ভরাট হয়ে জলাবদ্ধতার সুযোগ কমবে। তিনি বলেন, ভবদহ জলাবদ্ধতার সমাধানে ৮১ কিলোমিটার নদী খননের কাজ শেষ হতে চলেছে। ভবদহকে ভৈরব নদের সাথে সংযোগকারী আমডাঙ্গা খাল খনন ও প্রশস্তকরণের কাজ এগিয়ে চলছে। এ সমস্যা সমাধানে সম্ভাব্য সকল উদ্যোগ নেবে সরকার।

সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ভবদহের দুঃখ দূর হওয়া দরকার। এজন্য সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি সমন্বিত উদ্যোগ নিয়েছে।

সভাপতির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভবদহের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীগণ অবহিত রয়েছেন। এর পরও আজকের পর্যালোচনা সভায় অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলো ধরেছেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মাধ্যমেই ভবদহ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা যায়।

পর্যালোচনা সভায় মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি, যশোর-৫ ও যশোর-৬ আসনের সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম খান, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও ভবদহ জলাবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট নাগরিক সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ভবদহ জলাবদ্ধতা সমধানের অন্যান্য ব্যবস্থাপনার সাথে টিআরএম বাস্তবায়নের ওপর জোর দেন।

বিকালে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অভয়নগর উপজেলার ভবদহের জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেন।

প্রিন্ট

আরও সংবাদ