খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ দেশে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে : এমপি আজিজুল বারী হেলাল

নিজস্ব প্রতিবেদক |
০৬:২৮ পি.এম | ২৮ নভেম্বর ২০২৬


খুলনা মহানগর ও জেলা আয়োজিত আওয়ামী সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপির তথ‍্য সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি বলেছেন, গত ১৭ বছরের ফ‍্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠী গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, পুলিশ থানা, সংসদ সদস‍্যদের বাড়ি ঘর জ্বালাও পোড়াও করে ভাঙচুর করে আবারো প্রমাণ করেছে তারা আসলেই সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ এখন শুধু নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, ভারতের মদদপুষ্টু হয়ে বিদেশি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং স্বাধীন বাংলাদেশের উপর আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছেন । অবিলম্বে তাঁর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর কে. ডি. ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খুলনা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিকল্পিত উপায়ে গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করে আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের বাজারকে ওরা ধ্বংস করতে চায় । যেভাবে দেশ স্বাধীনের পর আমাদের পাটকলগুলো ধ্বংস করে ভারতের পশ্চিমবঙ্গে পাটকল গড়ে তুলেছিল ।

দেশের এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৪-এর গনঅভ‍্যুত্থানের সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে সন্ত্রাসীদের নিবৃত্ত করার উদাত্ত আহবান জানান।

সমাবেশে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রিন্ট

আরও সংবাদ