খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

মোল্লাহাটে মধুমতি ব্রিজে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মোল্লাহাট প্রতিনিধি |
১১:০৭ পি.এম | ২৮ নভেম্বর ২০২৬


বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতি ব্রিজ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ঘটা এই সংঘর্ষে একজন আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকেই মোল্লাহাট মধুমতি ব্রিজ এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলা থেকে মশাল হাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মিছিল নিয়ে মধুমতি ব্রিজের ওপর এসে পৌঁছান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের ওপর আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে আসা মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে পুরো ব্রিজ এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খুলনা-মাওয়া মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এই সংঘর্ষের ঘটনায় রুমান মোল্লা (৩৫) নামে একজন আহত হন। তিনি মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিলু মিয়া মোল্লার ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হন। সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে গোপালগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।

খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হন। সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে গোপালগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।

সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মধুমতি ব্রিজ ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং খুলনা-মাওয়া মহাসড়কের এই অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ