খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল ফের বন্ধ

নিজস্ব প্রতিবেদক |
১১:১৫ পি.এম | ২৮ নভেম্বর ২০২৬


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় শনিবার বিকেল থেকে মাওয়া রুটে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে নতুন করে টিকিট বিক্রিও বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান বলেন, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে।

তিনি আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটেই বাস চলাচল অব্যাহত থাকবে এবং আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করবে না।

খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাঁদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কবে নাগাদ এ রুটে পুনরায় বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। এর আগে গত ১৯ অক্টোবরও লকডাউন কর্মসূচির কারণে এ রুটে বাস চলাচল বন্ধ ছিল।

প্রিন্ট

আরও সংবাদ