খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ ও ক্ষোভ খুলনা গণসংহতির

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৯ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ক্রমাবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত ২৭ নভেম্বর নগরীর অন্তত ৫টি স্থানে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জনগণের নিরাপত্তার প্রশ্নে পুলিশ প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। কোনো কোনো সময় পুলিশ প্রশাসন দায়িত্ব নেবার পরও সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলিবর্ষণ করছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল ও যুগ্ম-সদস্য সচিব আল আমিন শেখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স¤প্রতি খুলনায় ধারাবাহিক হত্যাকান্ড, প্রকাশ্যে গুলিবর্ষণ, সশস্ত্র হামলা, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধী গোষ্ঠীর আধিপত্য বিস্তারের ঘটনায় সাধারণ মানুষ চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নেতৃবৃন্দ বলেন, একসময় শান্তিপূর্ণ নগরী হিসেবে পরিচিত খুলনায় এখন মানুষের স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা-বাণিজ্য, কর্মক্ষেত্রে যাতায়াত এমনকি চিকিৎসাসেবা গ্রহণও নানা ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ২০২৬ সালের প্রথম ১১ মাসে খুলনা মহানগরী ও জেলায় ৭৮টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এছাড়া বিশেষ ভাবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হোটেল, রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবী ও সেবামূলক প্রতিষ্ঠানে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠছে। চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক ক্ষেত্রেও যদি সন্ত্রাস ও চাঁদাবাজির ঝুঁকিতে পড়ে, তাহলে তা কেবল আইনশৃঙ্খলার সংকট নয়, বরং নাগরিকের মৌলিক অধিকার ও জননিরাপত্তার জন্যও গুরুতর হুমকি।
নেতৃবৃন্দ আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতিকে বিচ্ছিন্ন কিছু অপরাধের ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়, প্রভাবশালী মহলের সঙ্গে তাদের সম্পর্ক, অপরাধের বিচারহীনতা এবং প্রশাসনের কার্যকর জবাবদিহির অভাবের মতো বিষয়গুলোও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি। 
খুলনাকে আবারও নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ