খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ

নড়াইল প্রতিনিধি |
১২:৫৯ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


নড়াইল প্রেসক্লাব ভবনের দেয়ালসহ জেলা শহরের তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে সদস্যদের সাধারণ সভা চলছিল। সভা চলাকালে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে প্রেসক্লাব ভবনের দক্ষিণ পাশের দেয়াল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের বিকট শব্দে সভায় উপস্থিত সাংবাদিক ও শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে প্রেসক্লাবের দেয়ালের পাশ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
প্রায় একই সময়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ গেট এবং শহরের পুলিশ ফাঁড়ির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থল ঘুরে দেখেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল সরোয়ার বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শব্দ শুনে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ