খুলনা | রবিবার | ২৯ নভেম্বর ২০২৬ | ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত

নড়াইল প্রতিনিধি |
১২:৫৯ এ.এম | ২৯ নভেম্বর ২০২৬


নড়াইলের মাইজপাড়া এলাকায় গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একরামুল মোল্লা (৪০) নামে একজন ট্রলি চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের মাইজপাড়া-ধলগা সড়কের হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একরামুল মোল্লা যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের মৃত আবুবক্কর মোল্লার ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, একরামুল শনিবার সকালে পাশ্ববর্তী খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দু’টি গরু নিয়ে ট্রলিযোগে তার মেয়ে বাড়ি নড়াইল পৌরসভার গাড়ুচিরায় যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় একটি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি নিয়ে খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় গরু দু’টিও আহত হয়। এ সময় গুরুতর আহত একরামুলকে  স্থানীয় লোকজন নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ আহম্মেদ শাওন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
জানা গেছে, নিহত একরামুল সৌদি আরবে থাকতেন। ৬ মাস আগে বাড়িতে এসে গরু বহনকারী ট্রলি চালানো শুরু করেন। পরিবারে তার স্ত্রী, একটি ছেলে ও দু’টি কন্যা সন্তান রয়েছে। 
 

প্রিন্ট

আরও সংবাদ